ফেনীতে ট্রেনের ধাক্কায় রেলওয়ের পয়েন্টসম্যানের স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন গৃহবধূ আঁখি বেগম (৩৫)। তবে চলন্ত ট্রেনের বাতাসের ধাক্কা তিনি সামলাতে পারেনি। ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আঁখি বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে ফেনীর মুহুরীগঞ্জ রেলস্টেশন থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটেছে।

আঁখি বেগম মুহুরীগঞ্জ রেলস্টেশনের পয়েন্টসম্যান আবদুল কাদেরের স্ত্রী। রেলওয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লেকজন জানান, চট্টগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি আজ সকালে ৯টা ৪০ মিনিটে ফেনীর মুহুরীগঞ্জ রেলস্টেশন অতিক্রম করে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় আঁখি বেগম রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। মুহুরীগঞ্জ রেলস্টেশন অতিক্রমের পর ট্রেনের গতি বেড়ে গেলে আঁখি বেগম বাতাসের তোড়ে ট্রেনের নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আঁখি বেগমের স্বামী আবদুল কাদের বলেন, তিনি পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করেন। রেল লাইনের পাশে হাঁটতে যাওয়াই তাঁর স্ত্রীর জন্য কাল হলো।

খবর পেয়ে ফেনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাজেন্দ্র প্রসাদ দাস বলেন, চাঁদপুরমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।