ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ধলিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (২৮)। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলো এলাকায় তিনি সিএনজিচালিত অটোরিকশা মেরামতের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আবদুর রহমান মোটরসাইকেল চালিয়ে ফেনী থেকে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন। এর মধ্যে কলঘর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বাবা আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবদুর রহমান খুচরা যন্ত্রাংশ কেনার জন্য তিনি ফেনী গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তির স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।