ফেনীতে পিকআপ ভ্যান উল্টে চালকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে
ছবি: সংগৃহীত

ফেনীতে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালকসহ তিনজন নিহত হন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার বোগদাদিয়া গণমিলনায়তনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের চন্দ্র দিঘলী এলাকার গঞ্জু শেখের ছেলে পিকআপ ভ্যানচালক মো. সুজন (২৭), মাদারীপুরের চর গোবিন্দ এলাকার মজিদ মাতুব্বরের ছেলে মো. শামীম হাসান (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসীতলা এলাকার মো. ওয়ারেছ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বোগদাদিয়া গণমিলনাতয়নের সামনের সড়কে পিকআপ ভ্যানটি পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে পিকআপ ভ্যানচালকসহ তিনজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। গাড়িতে তোলার সময় দেখা যায় তাঁরা সবাই মারা গেছেন।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।