ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ নৌকা জব্দ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদীর তীরে চোরাচালানের সময় ভারতীয় ৬২২টি শাড়ি ও ৪৫টি লেহেঙ্গা জব্দ করেছেন বিজিবির সদস্যরা। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়। তবে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট–পাথর ছুড়ে ভারতের দিকে পালিয়ে যান। আজ রোববার ভোরে ছাগলনাইয়ার ভারতীয় সীমান্তসংলগ্ন সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) জেসিও নায়েক সুবেদার মো. হাসিবুর রহমান জানান, বিওপির জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ফেনী নদী হয়ে ভারত থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে ভারতীয় শাড়ির একটি চালান বাংলাদেশে আসছে। ভোরে ভারত থেকে নৌকা নিয়ে মালামালসহ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজনকে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় নৌকার লোকজন বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট–পাথর ছুড়তে থাকেন। একপর্যায়ে চোরাকারবারিরা মালামালসহ নৌকা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ৬২২টি ভারতীয় শাড়ি ও ৪৫টি লেহেঙ্গা জব্দ করেন। উদ্ধার হওয়া শাড়ি ও লেহেঙ্গার দাম প্রায় ২৮ লাখ ৪ হাজার টাকা। এসব মালামাল ফেনী কাস্টমস এ জমা করা হয়েছে। ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।