ফেনীতে ভ্যাট কর্মকর্তার প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
অসদাচরণ ও হয়রানিমূলক কার্যক্রমের অভিযোগে তুলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপকমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগের বিষয়ে আবু হানিফ বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের তোলা অভিযোগ অসত্য। তিনি ভ্যাট ও সরকারি নীতিমালার আলোকেই যাবতীয় কাজ করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আবু হানিফের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, দুর্ব্যবহার, হুমকির কারণে ফেনীর সব ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অস্বস্তিতে আছেন। কয়েক মাস ধরে ফেনীর কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান, খাবার হোটেল, চাইনিজ হোটেলে ভ্যাট আদায়ের নামে ক্রেতা থাকা অবস্থায় বাতি নিভিয়ে দেওয়া, অভিযান চালানোর নামে ঘণ্টার পর ঘণ্টা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিক-কর্মচারীকে নিয়ে টানাহেঁচড়া করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন আবু হানিফ।
বক্তারা দাবি করেন, এ বিষয়ে আলোচনার জন্য চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা বারবার ভ্যাট কর্মকর্তার কার্যালয়ে গেলেও দেখা মিলছে না। বিভিন্ন কারণ দেখিয়ে তিনি ব্যবসায়ী দলের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলছেন। এই পরিস্থিতিতে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থে ভ্যাট কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে তাঁরা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। এই কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম, ফেনী শহর ব্যবসায়ীকল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ইসমাঈল হোসেন, ফেনী হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ফেনীর সভাপতি শাহজাদা প্রমুখ বক্তব্য দেন।