ফেনীতে মন্দির ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে মন্দির ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে চারটি মামলায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গত শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা হলেন ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে শেখ ফরিদ (৩৯), ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোডের এয়াকুব শরিফের ছেলে বজিম শরিফ (২৮) ও একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ছাইদুল ইসলাম (২৯)।

তাঁদের আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, বিভিন্ন কায়দায় সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখেই দুর্বৃত্তদের শনাক্ত করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

মনির হোসেন বলেন, এযাবৎ যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডের বিষয়ে এখনো শুনানি হয়নি।