ফেনীতে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার একজন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে মন্দির ও হিন্দুদের দোকানপাট ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাওহিদুল ইসলাম জিদান। এ নিয়ে গত ৬ দিনে ৪টি মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গত শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তাওহিদুল ইসলাম জিদান নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আজ বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় পাঁচ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তাওহিদুল ইসলাম জিদান নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

মনির হোসেন আরও বলেন, এর আগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাঁদের রিমান্ডের বিষয়ে এখনো শুনানি হয়নি।