ফেনীতে মন্দির-দোকানে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে ওই তরুণকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই তরুণের নাম ইমাম হোসেন ওরফে আদর (১৮)। তিনি নোয়াখালীর সুধারাম থানার খলিফার হাট এলাকার সিরাজ মিয়ার ছেলে। তবে তিনি বর্তমানে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় থাকেন। আজ সোমবার তাঁকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

সিআইডি জানায়, গত ১৬ অক্টোবর ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও দোকানপাটে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন আসামি ফেনীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ইমাম হোসেনের নাম বলা হয়েছে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র দেখে এবং আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে যাঁদের নাম ও তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হন, সেটা দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, ফেনীতে মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় ফেনী মডেল থানায় মোট চারটি মামলা হয়েছে। দুটি মামলা ফেনী থানা-পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।