ফেনীতে মন্দিরে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
ফেনীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির, দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাতে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম তারেকুল ইসলাম (১৯)। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তবে তাঁরা সপরিবারে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, এর আগে গ্রেপ্তার একাধিক আসামির ফেনীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারেকুল ইসলামের নাম পাওয়া গেছে। যাচাই–বাছাই শেষে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
পুলিশ জানায়, এর আগে গ্রেপ্তার একাধিক আসামির ফেনীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারেকুল ইসলামের নাম পাওয়া গেছে।
ফেনীতে গত ১৬ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দিরে হামলা, শহরের তাকিয়া রোডে হিন্দুদের বেশ কিছু দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, র্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী মডেল থানায় মোট চারটি মামলা করা হয়। পুলিশ, র্যাব ও সিআইডির অভিযানে এ যাবৎ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ইতিমধ্যে দুটি মামলা ফেনী থানা-পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, গত ১৬ অক্টোবর রাতে হামলা-ভাঙচুরসহ যেসব তাণ্ডব ঘটেছে, সিআইডি পুলিশ তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র দেখে, সেগুলো যাচাই করে এবং ইতিমধ্যে গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাঁদের নাম বলেছেন, সেগুলো যাচাই করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ লোক যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাও দেখা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।