ফেনীতে মন্দিরে হামলার ঘটনায় আরও একজনের স্বীকারোক্তি
ফেনীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও দোকানপাটে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁর নাম নুরুন্নবী সোহাগ (২০)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ বুধবার বিকেলে তাঁকে ফেনীর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এই জবানবন্দি দেন তিনি।
নুরুন্নবী সোহাগের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামে। এ ঘটনায় গ্রেপ্তার এখন পর্যন্ত পাঁচজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। আর গ্রেপ্তার হয়েছেন ২৪ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নুরুন্নবী সোহাগকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সপরিবারে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন। ১৬ অক্টোবর ফেনীতে মন্দির ও দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার একাধিক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরুন্নবী সোহাগের নাম বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ১৬ অক্টোবর রাতে ফেনীতে মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলা, ভাঙচুরসহ যেসব তাণ্ডব ঘটেছে, সিআইডি পুলিশ তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র দেখে, সেগুলো যাচাই করে এবং গ্রেপ্তার আসামিদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কোনো নিরপরাধ লোক যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাও দেখা হচ্ছে। ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আসামিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার পরিকল্পনাকারীসহ জড়িতদের নাম–ঠিকানাও জানা যাবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।