ফেনীতে মন্দিরে হামলার ঘটনায় দুজনের স্বীকারোক্তি
ফেনীতে হিন্দুদের আশ্রম, মন্দির ও দোকানপাটে হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তাঁরা এই জবানবন্দি দেন।
জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন তৌহিদুল ইসলাম ওরফে জিদান (১৯) ও গোলাম মোরশেদ খান (২০)। তাঁরা ১৫ অক্টোবর সন্ধ্যায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেন।
তৌহিদুলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। মোরশেদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামে।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, তৌহিদুল আদালতকে জানান, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ হলেও তিনি গত কয়েক বছর ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় পরিবার–পরিজনের সঙ্গে বসবাস করেছেন। স্থানীয় একটি বহুমুখী সমবায় সমিতিতে চাকরি করেন। ১৫ অক্টোবর বিকেলে তিনি সমিতির কাজে শহরের লালপুল এলাকায় ছিলেন। একই দিন মাগরিবের নামাজের আগে দুই বন্ধু তাঁকে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে যেতে বলেন। মসজিদের সামনে গিয়ে আরও কয়েকজন পরিচিত বন্ধুকে সেখানে দেখতে পান। এ ছাড়া আরও বেশ কিছু অপরিচিত লোকজন ছিলেন। তখন পাশের মন্দিরের সামনেও বেশ কিছু লোকজন ছিলেন। তাঁদের সঙ্গে কিছু ইটপাটকেল বিনিময় হয়। তখন পুলিশ তাঁদের মসজিদে এবং হিন্দুদের মন্দিরে ঢুকিয়ে দেয়। মাগরিবের নামাজের পর তাঁরা আবার মসজিদ থেকে বের হয়ে সামনে জড়ো হন। আবারও ইটপাটকেল বিনিময় হয়।
একপর্যায়ে তাঁরা ৩০-৩৫ জন শহরের মডেল হাইস্কুলের সামনে গিয়ে জড়ো হন। সেখানে বিজিবি তাঁদের ধাওয়া দেয়। পরে তাঁরা শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম-মন্দিরের সামনে চলে যান। আশ্রমের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন তাঁরা। এ ছাড়া আশ্রম–মন্দিরের জানালা ও কিছু আসবাব ভাঙচুর করেন। সেখানে তাঁর পরিচিত ১২-১৪ জন ছিলেন। বাকিদের তিনি চেনেন না। শুক্রবার পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপর দিকে গোলাম মোরশেদ ফেনীর স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, ১৫ অক্টোবর বন্ধুদের ফোন পেয়ে শহরের বড় মসজিদের সামনে যান তিনি। সেখানে পরিচিত আরও কয়েকজনকে দেখতে পান তিনি। ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে মন্দিরে হামলায় ঘটনায় তিনি জড়িত ছিল বলে স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, ফেনীতে ১৫ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম-মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং শহরের ট্রাংক রোডে বড় মসজিদের সামনে সংঘর্ষে জড়িত দুই আসামি তৌহিদুল ও গোলাম মোরশেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এটি মামলার তদন্তে এবং ঘটনার মূল হোতাদের চিহ্নিত করতে সহায়তা করবে। জবানবন্দি শেষে দুজনকে ফেনী কারাগারে পাঠানো হয়।