ফেনীতে মাদক মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন
ফেনীতে মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারার ইফুদ্দিন, চাঁদপুরের কচুয়ার খোরশেদ আলম, খুলনার রূপসা এলাকার বাবুল, শরীয়তপুরের ভেদরগঞ্জের মনির হোসেন পাঠান ও নোয়াখালীর চাটখিলের ইসমাইল হোসেন। আসামিরা সবাই পলাতক।
মামলার নথিপত্র ও আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে মাদকদ্রব্য বেচাকেনার সময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছ থেকে ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকুর রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করা হয়। আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক।
মামলার রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে গ্রেপ্তারের পর থেকে সাজা কার্যকর হবে।