ফেনীতে মাদকের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফেনীতে মাদকের একটি মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
দণ্ডিত ব্যক্তিরা হলেন ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার বাসিন্দা নুর উল্যাহ (৫৬), ফেনী সদর উপজেলার মজলিশপুর গ্রামের মোহাম্মদ উল্যাহ (৬০) ও ফেনীর পাঠাননগর এলাকার সামছুজ্জাহান (৫৯)। তাঁরা তিনজনই ফেনী শহরের জামান রোডের সৈয়দিয়া মার্কেটের ব্যবসায়ী।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের জামান রোডের সৈয়দিয়া মার্কেটের একটি দোকানে অভিযান চালান ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় সেখান থেকে বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেন তাঁরা। এরপর ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক আবু বকর ছিদ্দিক ২০১২ সালের ৮ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ সহকারী কৌঁসুলি (এপিপি) দিজেন্দ্র কুমার কংস বণিক বলেন, ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।