ফেনীতে শ্বাসকষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম আমান উল্লাহ (২০)। তিনি সত্যনগর গ্রামের প্রবাসী আবদুস সাত্তারের ছেলে। আজ শনিবার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আমান উল্লাহ পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি উপজেলা সদরের দক্ষিণ কোলাপাড়া এলাকায় ভাড়া থেকে লেখাপড়া করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আমান উল্লাহ ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ছিল। আজ সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক মামুন বলেন, আমান উল্লাহ হাসপাতালে আনার আগেই মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কি না, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। পরীক্ষার ফলাফল হাতে আসার পর জানা যাবে, কী হয়েছে।