ফেনীতে সরকারি কর্মকর্তাসহ আরও দুজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফেনীতে একজন সরকারি কর্মকর্তাসহ আরও দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ৩০ জনে। আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

গত শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে জেলার দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাঁদের একজন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই উপজেলার একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা (৪৪)। তিনি নিজ বাসায় অবস্থান করছেন। অপরজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার বাসিন্দা (৪০)। তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১০ মে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদার বিআইটিআইডি পাঠানো হয়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। এর মধ্যে গত সাত দিনেই আক্রান্ত হয়েছেন ২৩ জন। তাঁর আগে ১৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ২৫ দিনে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাতজন। ইতিমধ্যে অবশ্য দুজন চিকিৎসকসহ পাঁচজন সুস্থ হয়েছেন। একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার রাতেই ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৯১২ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৬৭৮ জনের ফলাফল পাওয়া যায়। এখনো ২৩৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এ নিয়ে সংশ্লিষ্টরা নানা উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় রয়েছেন।

সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের একজন ছাড়া সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ তাঁদের চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়মিত তদারকি করছে। তিনি বলেন জেলায় যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন। তবে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঠিক করা আছে। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।