ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

ফেনীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর পরিবার ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।

যুবলীগ নেতার নাম তারেক হোসেন (২৫)। তিনি ফেনী পৌরসভার বাসিন্দা ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় লোকজনের দাবি। তবে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দাবি করছেন, তারেক হোসেন দলীয় কোনো পদে নেই।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল সকালে ওই স্কুলছাত্রীর পরিবারের লোকজন কাজে বের হয়ে যান। এর আগের দিন ওই ছাত্রীর ভাইয়ের স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যান। ফলে ওই ছাত্রী বাড়িতে একা ছিল। এই সুযোগে তারেক দুপুরের দিকে ওই বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এর মধ্যে ওই ছাত্রীর ভাবি বাড়িতে এসে একটি কক্ষের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করেন। একপর্যায়ে তারেকের মা ওই বাড়িতে ঢুকে ছেলেকে নিয়ে চলে যান।

এ ঘটনার পর থেকে তারেক গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় যুবলীগ নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত তারেক ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলীর অনুসারী। সম্প্রতি তারেক ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন।

তবে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, অভিযুক্ত তারেক হোসেন যুবলীগের কোনো পদে নেই।

জানতে চাইলে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলায় তারেক হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারেক পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।