ফেনীতে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন ও পিটিয়ে হত্যার দায়ে ২০ বছর পরে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন আবদুল কাদের ওরফে গাঞ্জা কাদের (৫২)। তিনি পাঠানগড় গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

আজ রোববার সকালে তাঁকে ছাগলনাইয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়। র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার জালিয়াত আহাদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী কাদেরের মৃত্যুদণ্ডের রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার। রায় ঘোষণার সময় আসামি আবদুল কাদের পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া মামলার অপর দুই আসামি মকবুল আহম্মেদ ও হাফেজ আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালে শরিফা খাতুন ও আমেনা খাতুন নামের দুজন আসামি মারা গেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ার পশ্চিম পাঠানগড় গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে আবদুল কাদেরের সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে আবু তারার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন গৃহবধূর পরিবারের কাছে যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে তাঁরা নিয়মিত গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ২০০০ সালের ২৩ জুলাই তাঁরা গৃহবধূর পরিবারের কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় ২০০১ সালের ১৫ এপ্রিল আবদুল কাদের ও তাঁর পরিবারের লোকজন আবু তারাকে বেধড়ক মারধর করেন। ওই রাতেই গৃহবধূ আবু তারাকে গলায় রশি লগিয়ে ঝুলিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে প্রচার করেন। মৃত্যুর সময় গৃহবধূ আবু তারা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গৃহবধূর বাবা মোহাম্মদ আলী ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০০১ সালের ৩১ জুলাই ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তার আবদুল কাদেরকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।