ফেনীতে হিন্দুদের মন্দির-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে হিন্দুদের মন্দির ও দোকানপাটে হামলা–ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম করিমুল হক (৩০)। তিনি ফেনী ফাজিলপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

সিআইডি জানায়, গতকাল শনিবার রাতে করিমুল হককে ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উকিলপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানায় সিআইডি। আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। পরে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ফেনীতে ১৬ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দির, শহরের তাকিয়া রোডে হিন্দুদের বেশ কিছু দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ, র‍্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী মডেল থানায় মোট চারটি মামলা করা হয়। র‍্যাব, সিআইডি ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, চারটি মামলার মধ্যে দুটি পুলিশ অধিদপ্তরের ফেনী সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। সিআইডি দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র দেখে ও সেগুলো যাচাই করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে। করিমুলকে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ও নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার পরিকল্পনাকারীসহ জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানাও জানা যাবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।