ফেনীতে হিন্দুদের মন্দির-দোকানে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার
ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম মো. পারভেজ ওরফে বাবু (২০)। গতকাল শনিবার রাতে তাঁকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার বাসা থেকে সিআইডির সদস্যরা গ্রেপ্তার করেন।
পারভেজ কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তবে তিনি ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন। আজ রোববার তাঁকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর ফেনীতে হিন্দুদের মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন আসামি ফেনীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. পারভেজের নাম বলেছেন। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মোট চারটি মামলা হয়েছে। দুটি মামলা ফেনী থানা-পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র দেখে সেগুলো যাচাই করে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হন, সেটা দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।