ফেনীতে ১ হাজার ৩৯০টি ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফেনীতে ১ হাজার ৩৯০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় একটি রেস্তোরাঁর সামনে থেকে এক ব্যক্তিকে আটকের পর তাঁর পকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর নাম মো. আলা উদ্দিন (৪০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় পৌঁছান। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করে ধারার পর ১ হাজার ৩৯০টি ইয়াবা পাওয়া যায়।
জুনায়েদ জাহেদী জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা ও আসামিকে পুলিশে সোপর্দ করা হয়।