ফেনীতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ফেনীতে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের তাকিয়া রোডে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা জেলায় ১৪৪ ধারা জারির ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা জানান।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে যখন সভা-সমাবেশ-বিক্ষোভ চলছে, ঠিক সেই মুহূর্তে সরকার আবারও মারমুখী আচরণ শুরু করেছে। তাঁরা অভিযোগ করেন, ফেনীতে বিএনপি যেন সমাবেশ করতে না পারে, সে জন্য সরকারি দলের একটি অঙ্গসংগঠনের মাধ্যমে ওই একই স্থানে একই দিনের একই সময়ে পাল্টা সভা আহ্বান করা অত্যন্ত দুরভিসন্ধিমূলক। অজুহাত হিসেবে শান্তিশৃঙ্খলা রক্ষার কথা বলে প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এতে মানুষের কণ্ঠ সাময়িকভাবে রোধ করা গেলেও সরকারের শেষ রক্ষা হবে না।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান।
এ ছাড়া জেলা যুবদল ও ছাত্রদল শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে। ফেনীতে ১৪৪ ধারা জারি করে জেলা বিএনপিকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে পুরোনো মুন্সিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন তাঁরা। পরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুর থেকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা মাঠে সমাবেশের অনুমতি পান তাঁরা। কিন্তু সাবেক সাংসদ জয়নাল হাজারীর মৃত্যু ও জানাজার জন্য মঙ্গলবারের সমাবেশ স্থগিত করে সেটা বুধবার করার ঘোষণা দেওয়া হয়। এ জন্য জেলা প্রশাসনের কাছে আবারও সভার অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু একই মাঠে একই সময়ে যুবলীগ সভা আহ্বান করে। তারাও প্রশাসনের কাছে ওই মাঠ ব্যবহারের অনুমতি চায়। তিনি অভিযোগ করেন, গতকাল রাতেই জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এরপর রাত একটার পর ওয়াপদা মাঠে বিএনপির সভার জন্য নির্মাণ করা মঞ্চ পুলিশ খুলে নিয়ে যায়।
জানতে চাইলে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বিএনপিকে গতকাল সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তারা সমাবেশ স্থগিত করে সেটি আজ করার জন্য অনুমতি চেয়ে আবার আবেদন করেন।
কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই আবেদনের পক্ষে মতামত পাওয়া যায়নি। একই দিন একই সময়ে জেলা যুবলীগের পক্ষ থেকে ওয়াপদা মাঠে সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। এ কারণে আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে শহরে আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ওয়াপদা মাঠে বিএনপির সভার জন্য নির্মাণ করা মঞ্চ সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটি সত্য নয়।