কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথ
ফেরি বন্ধ, লঞ্চ-স্পিডবোট-ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার
মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে তিন দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ অবস্থায় যাত্রীরা লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন। তবে ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো পারাপারের অপেক্ষায় না থেকে ছুটতে শুরু করেছে বিকল্প নৌপথের দিকে।
নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি– শিমুলিয়া নৌপথে তিন দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ অবস্থায় যাত্রীরা লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে চলছে ট্রলারও।
বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ বলছে, আগামী সোমবার বিকেল বা মঙ্গলবার সকাল থেকে সীমিত আকারে কিছু ফেরি চালাচল করতে পারে। এর আগে ফেরি চলার কোনো সম্ভাবনা নেই।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, চলতি বর্ষা মৌসুমে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টের বিকল্প নৌ-চ্যানেল ও পদ্মা সেতুর চায়না চ্যানেলে ডুবোচর সৃষ্টি হয়। এ কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল। নাব্যতা-সংকট সমাধানে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ নৌ-চ্যানেল দুটির বিভিন্ন অংশে ১৩টি খননযন্ত্র বসিয়ে পলি অপসারণের কাজ করছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়া প্রায় ৬০০ পণ্যবাহী ট্রাক বিকল্প নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চলে গেছে। উভয় ঘাটের টার্মিনালে এখনো পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যানসহ প্রায় ৫০০ যানবাহন আটকা আছে।
খোঁজ নিয়ে জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটের বিভিন্ন অংশে ১১টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আর কাঁঠালবাড়ি ঘাটে নোঙর করে রাখা রয়েছে মাত্র দুটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়া প্রায় ৬০০ পণ্যবাহী ট্রাক বিকল্প নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চলে গেছে। উভয় ঘাটের টার্মিনালে এখনো পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যানসহ প্রায় ৫০০ যানবাহন আটকা আছে। ফেরি না পেয়ে যাত্রীরা লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে পদ্মা পারাপার হচ্ছেন। অন্যদিকে ঘাট থেকে একটু দূরে চলছে ইঞ্জিনচালিত ছোট ছোট ট্রলার। এই ট্রলারগুলো যাত্রী ও মোটরসাইকেল বহন করে অধিক ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।
বাগেরহাট থেকে কাঁঠালবাড়ি ঘাটে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন মোতালেব হাওলাদার। তিনি বলেন, ‘ঘাটে আসামাত্রই ট্রলারচালকেরা ফেরি বন্ধ বলে ডেকে ডেকে ট্রলারে তুলছেন। ৫০০ টাকা ভাড়া নিল। ফেরি নেই। ওপার যেতে হবে। তাই আমরাও বাধ্য হয়ে ট্রলারে ঝুঁকি নিয়েই উঠলাম।’
প্রতি ট্রলারে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল তোলা হচ্ছে। মাঝ পদ্মায় প্রচুর স্রোত। যেকোনো সময় এই ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়তে পারে।
স্থানীয় লোকজন বলছেন, প্রতি ট্রলারে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল তোলা হচ্ছে। মাঝ পদ্মায় প্রচুর স্রোত। যেকোনো সময় এই ট্রলারগুলো দুর্ঘটনার কবলে পড়তে পারে। এই ট্রলারগুলোয় মোটরসাইকেল ও যাত্রীদের পারাপার দ্রুত বন্ধ করা উচিত।
কাঁঠালবাড়ি ঘাট থেকে বিকল্প নৌপথ দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দেওয়া ট্রাকচালক ইব্রাহিম মিয়া বলেন, ‘ঘাটে ১০ দিন আটকা ছিলাম। ভাবছিলাম পার হতে পারব। এখন ফেরি বন্ধ। কবে পার হতে পারব বা কবে ফেরি চলবে, তা কেউ জানে না। তাই আর বসে না থেকে দৌলতদিয়া হয়ে ঢাকায় যাচ্ছি।’
ফেরিতে পার হওয়ার আশায় কাঁঠালবাড়ি ঘাটের ৪ নম্বর টার্মিনালে আটকা পড়া কাভার্ড ভ্যানের চালক বাদল ব্যাপারী বলেন, ‘দৌলতদিয়া ঘাটেও দুর্ভোগ। সেখানে গেলেও আর ফেরিতে উঠতে পারব না। তাই এ ঘাটেই অপেক্ষা করছি। তবে শনিবার সকালে এখানে আটকা পড়া বেশ কয়েকটি ট্রাক দৌলতদিয়া ঘাটে চলে গেছে।’
এ সম্পর্কে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই নৌপথে কবে থেকে ঠিকমতো ফেরি চলবে, তা ঠিক বলা যাচ্ছে না। তবে মঙ্গলবার থেকে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নত হবে। তবে উভয় ঘাটেই যানবাহন কমতে শুরু করেছে। টার্মিনালে আটকা পড়া ট্রাকের চালকেরা আর অপেক্ষায় না থেকে বিকল্প নৌপথের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে বেশ কিছু ট্রাক দৌলতদিয়া চলে গেছে। কাঁঠালবাড়ি ঘাটে এখনো রয়েছে প্রায় ২৫০টি গাড়ি। তবে নতুন করে কোনো পরিবহন বা ছোট গাড়ি এ পথে আসছে না।’