এক সপ্তাহ ধরে নানা প্রতিবন্ধকতায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে যানবাহনগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনশ্রমিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই নৌপথে তীব্র স্রোত, ফেরি–স্বল্পতা, পুরোনো ফেরিগুলোর স্রোতের বিপরীতে চলাচলে সক্ষমতার অভাব ও নদীতে পানি বাড়ায় ঘাট–সমস্যার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় হিমশিম অবস্থায় পড়েছে ফেরি কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক জাসেলুর রহমান প্রথম আলোকে বলেন, ১৭ আগস্ট থেকে শিমুলিয়া ও বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের চেয়ে পণ্যবাহী গাড়ির চাপই বেশি রয়েছে। এসব পণ্যবাহী গাড়ি ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে পাটুরিয়ায় এসে ভিড় করছে। আজ মঙ্গলবার বেলা একটা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে চার শতাধিক পণ্যবাহী গাড়ি ও অর্ধশতাধিক যাত্রীবাহী ফেরি অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নৌ রুটে ১৮টির মধ্যে অধিকাংশ ফেরিই পুরোনো। এসব ফেরিকে তীব্র স্রোতের বিপরীতে চলাচল করতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। যানবাহন পারাপার করতে মাঝেমধ্যেই কোনো না কোনো ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। আবার নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে প্রায় এক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া প্রান্তে যেতে ৩৫ মিনিট সময় লাগলেও এখন ৫০ থেকে ৫৫ মিনিট সময় লাগছে।
এ ছাড়া নদীতে পানি বাড়ায় পন্টুন ও সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে। পন্টুনকে টেনে তোলার পাশাপাশি সংযোগ সড়কও উঁচু করতে হচ্ছে। এতে ফেরিতে ওঠানামা করতেও বেশি সময় লাগছে। বর্তমানে এই নৌ রুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে দুটি ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে বলে জানা গেছে।
যশোরগামী যাত্রী সোলায়মান হোসেন বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয়। এ সময় পুরোনো ফেরি ঠিকমতো যে চলতে পারে না, তা কর্তৃপক্ষ জানে। তাহলে আগে থেকেই এ ব্যাপারে কোনো প্রস্তুতি নেয় না কেন?
যাত্রীদের তুলনায় পণ্যবাহী পরিবহনশ্রমিকদের ভোগান্তির মাত্রা আরও বেশি। নদী পার হওয়ার অপেক্ষায় দুই থেকে তিন দিন পর্যন্ত তাঁদের ঘাটে আটকে থাকতে হচ্ছে।
নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেল নিয়ে ফরিদপুর যাচ্ছেন ট্রাকচালক ইলিয়াস হোসেন (৫৫)। তিনি দুদিন ধরে নদী পার হওয়ার অপেক্ষায় ঘাটে আটকে আছেন। তিনি বলেন, ‘ট্যাকা ছাড়া তো ফেরি নদী পার করে না। তারপরও দিনের পর দিন ঘাটে আটকে থাকতে হয়। সময়মতো মালামাল পৌঁছে দেওন যায় না। আবার দুদিন ধরে খাওনদাওন নিজের পকেটের টাকা খরচ করে হচ্ছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, নদীতে তীব্র স্রোতে যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। এতে ফেরির ট্রিপসংখ্যাও কমে গেছে। এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি বন্ধ থাকায় এখানে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে কিছু পণ্যবাহী গাড়ি আটকা পড়ছে।