শরীয়তপুর-চাঁদপুর নৌপথের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুরবাজার ফেরিঘাটে পাঁচ শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরির সংখ্যা কমিয়ে দেওয়ায় এই নৌপথে যানবাহনের চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ থেকে একটি ফেরি এই নৌপথে দেওয়া হয়েছে। এরপরও যানজট কমেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা, বেনাপোল ও ভোমরা স্থলবন্দর এবং মোংলা স্থলবন্দরের পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন শরীয়তপুর-চাঁদপুর সড়ক দিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। আর ওই সড়কের যানবাহন শরীয়তপুরের আলুরবাজার ও চাঁদপুরের হরিনা ফেরিঘাট দিয়ে মেঘনা নদী পারাপার হয়।
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে যানবাহন পারাপারের জন্য ৬টি ফেরি রয়েছে। এসব ফেরি দিয়ে ২৪ ঘণ্টায় ৪৫০টি যানবাহন পারাপার হয়। গত বুধবার ফেরি কস্তরি বিকল হয়ে পড়লে তা চাঁদপুরে বিআইডব্লিউটিসির ওয়ার্কশপে পাঠানো হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত শুক্রবার পদ্মা সেতুর একটি পিলারে ফেরিতে ধাক্কা দেওয়ার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে মাত্র চারটি ফেরি চলাচল করছে। এ ছাড়া পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় রো রো ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। ওই নৌপথে চলাচলকারী পণ্যবাহী যানবাহনগুলোকে বিকল্প নৌপথ ব্যবহার করে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে গত মঙ্গলবার থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথের আলুরবাজার ফেরিঘাটে গাড়ির চাপ বাড়তে থাকে।
আজ রোববার ফেরিঘাট খায়েরপট্টি পেট্রলপাম্প পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পণ্য ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ জট সৃষ্টি জয়েছে।
আজ রোববার ফেরিঘাট খায়েরপট্টি পেট্রলপাম্প পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পণ্য ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ জট সৃষ্টি জয়েছে। ওই দুই কিলোমিটার ও ফেরিঘাটের টার্মিনালে অন্তত পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে।
যানবাহনের চাপ বেড়ে যাওয়া রোববার সকালে শিমুলিয়া ঘাট থেকে কাকলি নামের একটি ফেরি আলুরবাজার ফেরিঘাটে আনা হয়। এখন থেকে ওই ফেরি শরীয়তপুর-চাঁদপুর নৌপথে চলাচল করবে। এ ছাড়া ওই নৌপথের বিকল হয়ে পড়া ফেরি কস্তরি মেরামত করার পর শনিবার রাত থেকে আবার চালু করা হয়েছে।
যশোর থেকে পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন বাদশা মিয়া নামের ট্রাকচালক। তিনি শনিবার সকাল থেকে আলুরবাজার ফেরিঘাটের টার্মিনালে বসে আছেন। গাড়ির জট থাকার কারণে তিনি ফেরিতে উঠতে পারেননি। ফেরিঘাটে এসে আটকে পড়ায় সমস্যার বিষয়ে জানতে চাইলে বাদশা মিয়া বলেন, ‘বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। পণ্যবাহী গাড়ি পারাপার করা হচ্ছে না। এ কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে যানবাহনের চাপ বেড়েছে। এ জন্য আমরা বিপাকে পড়েছি। দু-তিন দিনেও ফেরির সিরিয়াল পাওয়া যাচ্ছে না।’
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপারে কিছু বিধিনিষেধ থাকায় আলুরবাজার ঘাটে গাড়ির চাপ বেড়েছে। ওই নৌপথের পণ্যবাহী গাড়িগুলো এ পথে আসছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আলুরবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে পণ্যবাহী গাড়ি পারাপারে কিছু বিধিনিষেধ থাকায় আলুরবাজার ঘাটে গাড়ির চাপ বেড়েছে। ওই নৌপথের পণ্যবাহী গাড়িগুলো এ পথে আসছে। এ কারণে ঘাটে গাড়ির জট সৃষ্টি হয়েছে। বিকল ফেরিটি সচল করা হয়েছে, আর নতুন একটি ফেরি এ নৌপথে সংযুক্ত করা হয়েছে। এখন দু-এক দিনের মধ্যে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হবে।