ফেরি সীমিত, ভোগান্তি নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া পারাপার
শনিবার সকাল ৯টা বেজে ৪০ মিনিট। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের তিন নম্বর ঘাটে যানবাহন লোড নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেল কে-টাইপ ফেরি ‘কুঞ্জলতা’। ফেরিতে দুটি পণ্যবাহী ট্রাক, ১০ থেকে ১২টি ছোট যানবাহনসহ রয়েছে ঢাকাগামী অল্প যাত্রী। বাংলাবাজার ঘাটের অন্য তিনটি ঘাট তখন ফেরিশূন্য। ফেরি পারাপারে এসে ভোগান্তি আর দীর্ঘ অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন।
পদ্মায় এখন তীব্র স্রোত। সম্প্রতি পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এরপর থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে সীমিত করা হয়েছে ফেরি চলাচল। বর্তমানে এই নৌপথে ১৮টি ফেরি থাকলেও থেমে থেমে চলছে মাত্র ৪টি ফেরি। এ কারণে উভয় ঘাটে বেড়েছে দুর্ভোগ। পারাপারের জন্য এসে যাত্রী ও যানবাহনের চালকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, পদ্মা সেতুর নিরাপত্তা ও নদীতে তীব্র স্রোত থাকায় নৌপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত আটটা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল এই নৌপথে। শনিবার সকাল আটটা থেকে ছোট ও কে-টাইপের চারটি ফেরি উভয় ঘাট থেকে ছাড়া হয়। এর মধ্যে বাংলাবাজার ঘাট থেকেই তিনটি ফেরি যানবাহন লোড দিয়ে ছাড়া হয়েছে। ফেরি চলাচল সীমিত হওয়ায় এবং রাতে ফেরি না চলায় উভয় ঘাটেই শত শত যানবাহন আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, তীব্র স্রোতের কারণে শুক্রবার রাতে কোনো ফেরি লোড নেওয়া হয়নি। রাতে ফেরি চলার ক্ষেত্রে খুবই ঝুঁকি। তাই সকাল সাড়ে আটটার পর তিনটি ফেরি লোড দিয়ে ছাড়া হয়েছে। বর্তমানে চারটি ফেরি উভয় ঘাট থেকে চলছে। তবে ফেরিগুলো পারাপারে সময় বেশি লাগছে। একই সঙ্গে খুবই সর্তকতার সঙ্গে ফেরিগুলো চালানো হচ্ছে।
সরেজমিনে আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাবাজার ফেরিঘাটে দেখা যায়, ঘাটে চলাচলরত ফেরির সংখ্যা খুবই কম। ছেড়ে যাওয়া একেকটি ফেরি আসা-যাওয়াতে চার ঘণ্টার বেশি সময় নিচ্ছে। এ কারণে ঘাটের সংযোগ সড়কে শতাধিক ছোট গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে কমপক্ষে ২০টি অ্যাম্বুলেন্স আছে। টার্মিনালে ট্রাকের জট কমেছে। কয়েক দিন অপেক্ষায় থাকার পর ফেরিতে পার হতে না পেরে ট্রাকের চালকেরা গেছেন বিকল্প নৌপথে। এখনো দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার অপেক্ষায় টার্মিনালে রয়েছে। অন্যদিকে উত্তাল পদ্মা আর তীব্র স্রোতের ঝুঁকি এড়াতে ঢাকাগামী যাত্রীরা লঞ্চে কম ভিড় করছেন। অনেক যাত্রী এসে ফেরির জন্য অপেক্ষা করছেন। ফেরি পেতে যাত্রীদের কমপক্ষে দেড় থেকে দুই ঘণ্টা ঘাটের পন্টুনে অপেক্ষায় থাকতে হচ্ছে।
ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক সাইদুর রহমান বলেন, ‘বরিশাল থেকে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত এক রোগীকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে যাচ্ছি। এই নৌপথে এসে বিপদের মধ্যেই পড়েছি। রোগীর স্বজনেরা কান্নাকাটি করছে। ঘাটের লোকদের বললাম। তাঁরা বলছেন, ফেরি এলেই আমাদের ওঠাবেন। সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা হয়ে গেল, ফেরিতে উঠতে পারলাম না।’
অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন শরিফুর ইসলাম বলেন, ‘বরিশাল মেডিকেল থেকে চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দ্রুত রোগীকে ভর্তি করতে হবে। ঘাটে এসে বিপদেই পড়লাম। কী করব, কিছুই বুঝতে পারছি না। খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমরা।’
সকাল সাতটা থেকে বাংলাবাজার ঘাটের সংযোগ সড়কে আটকা পড়েছেন প্রাইভেট কারের চালক কামরুল হাসান। তিনি বলেন, ‘গাড়িতে যাত্রী। তিন ঘণ্টা ধরে পার হওয়ার অপেক্ষায় আছি। সামনে সিরিয়াল। অথচ ফেরি এলেই পেছন থেকে ভিআইপিরা চলে আসেন। পরে আর আমাদের ওঠার সুযোগ হয় না। ফেরি ভরে যাচ্ছে ভিআইপি আর অ্যাম্বুলেন্স দিয়েই। এমন পরিস্থিতি হলে দুর্ভোগের শেষ থাকে না আমাদের মতো সাধারণ চালকদের।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জামালউদ্দিন সকাল সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, ‘ঘাটে ছোট গাড়ির চাপ আছে। বড় গাড়িগুলো এই পথে এখন আর আসছে না তেমন। কাঁচামালের পচনশীল কোনো ট্রাক এলে সেগুলো আমরা ফেরিতে লোড দিই। এ ছাড়া অ্যাম্বুলেন্স আর ছোট গাড়ি দিয়েই ফেরি ভরে যাচ্ছে। ফেরি কম চলায় কিছু গাড়িকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে।’