ফেরিঘাট ফাঁকা, কঠোর অবস্থানে প্রশাসন

ফাঁকা ঘাটে ভিড়শূন্য ফেরি। তাতে পারাপারের উদ্দেশ্যে উঠছে একটি অ্যাম্বুলেন্স। আজ সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ছিল ফাঁকা। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও কঠোর অবস্থানে প্রশাসন। ফলে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারের সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ও শ্রমজীবী মানুষ ছাড়া অন্য কেউ পারাপার হতে পারছেন না।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে এসে ভেড়ে। তাতে চারটি পিকআপ গাড়ি, তিনটি প্রাইভেট কারের সঙ্গে হাতে গোনা কয়েক যাত্রী আনা হয়। বৃষ্টি উপেক্ষা করে ফেরি থেকে নামছিলেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। আলাপকালে নিজের নাম মনির হোসেন এবং তিনি সৌদিপ্রবাসী বলে পরিচয় দিলেন। বললেন, বরিশালের উজিরপুরে তাঁর বাড়ি। তাঁর পরিবারের সবাই থাকেন মাদারীপুর শহরে। জরুরি প্রয়োজনে ১৫ দিন আগে নবীনগরে গিয়েছিলেন। ঈদের আগে ফেরার কথা ছিল। আজ বৃহস্পতিবার রাতে ছোট ছেলের অসুস্থ হওয়ার খবর পান। এ অবস্থায় আজ ভোরে বাড়ির পথে রওনা হয়েছেন। নবীনগর থেকে দৌলতদিয়া ঘাটে আসতে বেলা সাড়ে ১১টা বেজে গেছে। খরচ হয়েছে প্রায় ৫০০ টাকা।

মানিকগঞ্জের ঘিওরের সাহিন শেখের সঙ্গে ছিলেন আরও দুজন। তাঁরা শ্রমজীবী মানুষ। কাজের খোঁজে গিয়েছিলেন ফরিদপুরের রাজবাড়ী মোড় এলাকায়। দুদিন ধরে কোনো কাজ পাননি। তাই বাড়ি ফিরে যাচ্ছেন। বেলা সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছান এই তিনজন। লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে সাহিন বলেন, ‘আমরা কাজ না করলে খাব কী? কাজের জন্যি গেলাম, কাজ তো পেলাম না। ফরিদপুর থেকে ৫০০ টাকায় রিকশা ভাড়া করে ঘাটে আসলাম। অহন বাড়ি ফিরে যাই।’

ঘাট এলাকায় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা। আজ দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়ায়।
ছবি: প্রথম আলো

আজ দুপুর ১২টার দিকে প্রশাসনের যৌথ একটি দলকে ঘাট এলাকায় টহল দিতে দেখা যায়। এই দলে ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর প্রমুখ।

ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, ‘ভোর ছয়টা থেকে আমাদের দলটি রাস্তায় রয়েছে। ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী গাড়ি থাকতে দেওয়া হচ্ছে না। তারপরও কেউ বাইরে এলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছি।’

ইউএনও আজিজুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল মাঠে রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে সব ধরনের বিধিনিষেধ কার্যকর করতে তারা তৎপর।