ফেরিতে উঠতে পণ্যবাহী গাড়ির লাগছে ১৪ থেকে ১৬ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী থেকে আসা ট্রাকটির ওপর দুটি গ্রুপের ১৬ জন শ্রমিক সরকারি কাজে যাচ্ছেন কিশোরগঞ্জ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে মহাসড়কে লম্বা লাইনে এভাবে প্রায় ১৪ ঘণ্টা ধরে আটকে আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায়
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিতে উঠতে পণ্যবাহী গাড়ির ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় লাগছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। আবার মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে বড় আকারের ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী গাড়ির চাপ ওই নৌপথে পড়ছে।

কুষ্টিয়া থেকে টোব্যাকোর পণ্য নিয়ে গতকাল সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন কাভার্ড ভ্যানচালক মোমিনুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটে তিনি বলেন, ‘সোমবার বেলা তিনটার দিকে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে পুলিশ ঘণ্টাখানেক আটকে রাখার পর ছেড়ে দেয়। বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে এসে দীর্ঘ যানজটে আটকা পড়ি। সারা রাত মাত্র এক কিলোমিটার এলাকার মতো সামনে এগোতে পারছিলাম। প্রায় ১৫ ঘণ্টা পর আজ ভোরে ফেরিঘাটে পৌঁছাতে পেরেছি।’

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণত ফেরিতে উঠতে অগ্রাধিকার দেওয়া হয় কাঁচা পণ্যের গাড়ি, যাত্রীবাহী বাসসহ অন্যান্য জরুরি গাড়িকে। এসব গাড়ি ঢাকা-খুলনা মহাসড়ক বিভাজকের পশ্চিম পাশে ঢাকাগামী ডান পাশের লাইনে রাখা হয়। আর সাধারণ পণ্যবাহী গাড়ি বা কম গুরুত্বপূর্ণ গাড়ি সড়ক বিভাজকের পশ্চিম পাশে বাম পাশের লাইনে রাখা হয়। জরুরি গাড়ি, কাঁচা পণ্যের গাড়ি বা দূরপাল্লার পরিবহন কমে গেলে পর্যায়ক্রমে সাধারণ পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার জন্য ছাড়া হয়। এসব যানবাহনের লাইন নিয়ন্ত্রণ করে থাকেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার ছাড়িয়ে বাফার গোডাউন পর্যন্ত পণ্যবাহী যানের লম্বা লাইন। কোথাও দুই-তিন লাইন হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পরিবহনের কিছু ঘাট প্রতিনিধি জানান, বাড়তি সুবিধা নিয়ে ট্রাফিক পুলিশ প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত জরুরি গাড়ির ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই সাধারণ পণ্যের গাড়ি আগে ছেড়ে দেয়। দক্ষিণাঞ্চলের অনেক পণ্যবাহী গাড়ির সঙ্গে ট্রাফিক পুলিশের মাসিক সিস্টেম করা আছে। ওই সব গাড়ি তাঁরা যেকোনো উপায়ে আগে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ কারণে এই ধরনের জটলা তৈরি হয়।

যাত্রীবাহী পরিবহনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছিলেন সার্জেন্ট কামরুল হাসান। তিনি বলেন, ‘গোয়ালন্দ মোড়ে চাপ কমাতে আটকে রাখা গাড়ি ঘাটের দিকে ছেড়ে দিলে ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত গাড়ির লাইন প্রায় সাত কিলোমিটার হয়ে যায়। লম্বা লাইন কমিয়ে আনতে পণ্যবাহী গাড়িকে দুই লাইন করা হয়। যে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। যাত্রীবাহী বাস যাতে দ্রুত ফেরিতে উঠতে পারে, সে ব্যবস্থা করছি।’

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির কম্পিউটার অপারেটর রাজু হাওলাদার বলেন, ১৭টি ফেরি চললেও নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় পৌঁছাতে ২০ থেকে ২৫ মিনিট লাগছে। অথচ পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি দৌলতদিয়ায় পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট লাগছে। এতে ফেরি পারাপারের সংখ্যা কমে যাওয়ায় যানবাহন আটকে থাকছে।