ফেরিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা পাড়ি দিতে লাগছে দ্বিগুণ সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিতে করে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন অসুস্থ রোগী ও তাঁর স্বজনেরা। আজ শনিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে
প্রথম আলো

পদ্মার তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদী পারাপারে প্রতিটি ফেরির আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটারে পণ্যবাহী গাড়ির সারি। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা।

আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, মহাসড়কের ঢাকাগামী নদী পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে দক্ষিণাঞ্চল থেকে আসা দূরপাল্লার পরিবহন রয়েছে।

যশোর থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক মোমিন শেখ বলেন, ১৮ ঘণ্টা ধরে ফেরিতে ওঠার অপেক্ষায় আছেন তিনি।

এদিকে আজকেও ফেরিতে ঢাকাগামী মানুষের ভিড় দেখা যায়। ফেরিসংখ্যা বাড়ানো হলেও যানবাহনের সঙ্গে ফেরিগুলোতে যাত্রীদের চাপ রয়েছে।

ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির এক টার্মিনাল তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলছে। দুটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। তবে বড় সমস্যা হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার পর থেকে ওই রুটের অধিকাংশ পণ্যবাহী গাড়ি দৌলতদিয়া আসছে। তাই বাড়তি চাপ পড়ছে। এ ছাড়া স্রোতের কারণে সময় লাগছে দ্বিগুণের মতো।

সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ভিআইপি নিয়ে আসা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ভেড়ে মিডিয়াম ফেরি ঢাকা। ফেরির মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘আমার এই ফেরির জন্য কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দিয়েছে ২৭ মিনিট। অথচ পাটুরিয়া থেকে আসতে সময় লেগেছে ৪০ মিনিটের মতো। এ ক্ষেত্রে আমার করার কী আছে! পদ্মায় এত স্রোত। পাটুরিয়া থেকে ফেরিকে কয়েক কিলোমিটার উজান ঘুরে আসতে হয়। তা না হলে স্রোতের টানে ভাটিতে চলে যেতে হবে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, যানবাহনের চাপ সামাল দিতে তিনটি রো রো ফেরি বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। বর্তমানে ১৯টি ফেরি থাকলেও ১৭টি চলাচল করছে।