ফেরিতে যাত্রীর চাপ, স্রোতের কারণে বেড়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ থাকায় মঙ্গলবার ফেরিতে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। এদিকে পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসতে প্রতিটি ফেরির প্রায় দ্বিগুণ সময় লাগছে। যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানায়, পোশাকসহ রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় গেল তিন দিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের স্রোত নামে বাংলাবাজার ফেরিঘাটে। চরম দুর্ভোগ মাথায় নিয়ে পদ্মা পার হন হাজারো যাত্রী। আগের দুই দিনের তুলনায় মঙ্গলবার যাত্রীদের চাপ কম ছিল। তবে লঞ্চ বন্ধ থাকায় সোমবারের তুলনায় মঙ্গলবার ফেরিতে যাত্রীর চাপ বেশি ছিল। সোমবার দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীরা পার হলেও উপচে পড়া ভিড় নেই। যাত্রীর সঙ্গে যানবাহন সহজেই ফেরিতে তোলা যাচ্ছে। তবে পদ্মায় তীব্র স্রোত থাকায় সব ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহন কম নেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্ধ রয়েছে ৬টি ডাম্প ফেরিসহ ৮টি ফেরি।

শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, ঈদের পরের দিন থেকে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। রোববার থেকে শিল্পপ্রতিষ্ঠান খুলেছে। শনি ও রোববার ছিল ঢাকামুখী যাত্রীর প্রচণ্ড চাপ। প্রতিটি ফেরি, লঞ্চ ছিল যাত্রীতে পূর্ণ। যাত্রী পারাপারে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। সোমবার চাপ অনেকটা কমে যায়। তবে মঙ্গলবার থেকে লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যানবাহনের পাশাপাশি সমানতালে বাংলাবাজার ঘাট থেকে যাত্রীরা আসছেন।

বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শাফায়াত আহম্মেদ জানান, সকালে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। দুপুরের পর থেকে ৯টি ফেরি চলছে। ঘাটে গত কয়েক দিন যাত্রী ও যানবাহনের ঢাকামুখী চাপ থাকলেও মঙ্গলবার নেই। শিমুলিয়া ঘাটে কোনো যানবাহন নেই। যাত্রীও নেই।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন সাহা বলেন, ‘জরুরি প্রয়োজনে আসা যাত্রী ও যানবাহন পারাপারে আমাদের ১০টি ফেরি চালু আছে। ডাম্প ফেরিসহ বেশ কয়েকটি ফেরি স্রোতের বিপরীতে চলতে পারছে না। তাই ওই ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে এখনো অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, পচনশীল দ্রব্যের ট্রাক ও পোশাকশ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাবাজার ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ফেরিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ছোট গাড়ির সংখ্যা বেশি হওয়ায় সঠিক সময়ে পার হতে পারছে না পণ্যবাহী ট্রাকগুলো।
দুদিন ধরে ঘাটে আটকা পণ্যবাহী ট্রাকের চালক ইলিয়াস ব্যাপারী বলেন, ‘যাত্রী আর ছোট গাড়ি ছাড়া ফেরিতে ট্রাক নিচ্ছে না। আমরা কই যামু? প্রতি ফেরিতে আমাদের যদি দুইটা ট্রাক তোলে, তাহলে এত গাড়ি টার্মিনালে আটকা থাকে না। ঘাটে এভাবে পড়ে থাকলে আমাদের দুর্ভোগের শেষ থাকে না।’

ঘাটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফেরিতে পণ্যবাহী ট্রাক একটি বা দুটির বেশি নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, ফেরিতে ভারী গাড়ি লোড নিয়ে স্রোতের বিপরীতে চলতে গিয়ে পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবার সংঘর্ষ হতে পারে। পরপর দুটি দুর্ঘটনার পর খুবই সতর্কতার সঙ্গে ফেরিগুলো চালানো হচ্ছে।
এদিকে এই নৌপথে আসা যাত্রীদের দাবি, বিধিনিষেধের মধ্যেও মানুষের চলাচল থেমে নেই। ফেরিতে হাজারো যাত্রী একত্রে পারাপার হচ্ছেন। এতে করোনার ঝুঁকি বাড়ছে। তাই ফেরির সঙ্গে লঞ্চ চালু রাখা জরুরি। কারণ, লঞ্চ চালু থাকলে নৌপথ পার হতে যাত্রীদের ভোগান্তি কমবে। গাদাগাদিও কম হবে।

ঢাকাগামী যাত্রী মো. ছরোয়ার হোসেন বলেন, লঞ্চ চালু থাকলে ঘাটে ভোগান্তি অনেকটাই কমে যেত। ভিড় ঠেলে ফেরিতে বেশির ভাগ মানুষ যেত না। মানুষের আসা তো থামানো যাচ্ছে না। তাই জরুরি যাত্রী পারাপারের একটি ব্যবস্থা রাখা উচিত।

বরিশাল থেকে আসা আরেক যাত্রী আবদুল হক বলেন, ‘ঢাকায় না গেলে তো আয় আসবে না। না খেয়ে মরতে হবে। কারখানা চালু হইয়া আমাগো বাঁচনের রাস্তা হাইছে। কামে জোর দিলেই বাড়িতে দৈনিক টাকা পাঠাতে পারব।’

বাংলাবাজার ঘাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার লঞ্চ বন্ধ, তাই এই পথের সব যাত্রী ফেরিতে পার হচ্ছেন। ফেরিতে ভিড় থাকলেও অতিরিক্ত চাপ নেই। সকালের দিকে বৃষ্টি থাকায় যাত্রীদের চাপ একদমই ছিলই না। তবে দুপুরের পর কিছু যাত্রী ঘাটে আসছেন। তাঁরা কিছু সময় অপেক্ষায় থাকার পর পারও হয়ে যাচ্ছেন। তাঁদের দুর্ভোগে পড়তে হচ্ছে না। কিছু পণ্যবাহী ট্রাক ছাড়া ঘাটে যানবাহনের চাপ তেমন নেই। জরুরি ভিত্তিতে আসা গাড়িগুলো ঘাটে আসামাত্রই পার হয়ে যাচ্ছে।