ফেরির অপেক্ষায় দিন পার, গোয়ালন্দে ৬ কিলোমিটার গাড়ির সারি
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতা না থাকলেও ফেরির জন্য অপেক্ষা করছে কয়েক শ যানবাহন। এক সপ্তাহ ধরে চলমান ঢাকামুখী গাড়ির চাপ অব্যাহত আছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা গাড়ির বেশির ভাগই পণ্যবাহী যান। মাত্র ৩ কিলোমিটারের নদীপথ পাড়ি দিতে তাদের ১৬ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া প্রান্তের ৭টি ফেরিঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে ১, ২ ও ৬ নম্বর ঘাট বন্ধ। ৩, ৪, ৫ ও ৭ নম্বর ঘাট চালু থাকলেও পানি কমে যাওয়ায় গত রোববার সন্ধ্যার পর ৭ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার সারা দিন ঘাটের পাশে সংযোগ সড়ক কেটে লো-ওয়াটার লেভেলে ঘাট স্থানান্তরের কাজ করা হয়। গতকাল রাত ৯টার দিকে ৭ নম্বর ঘাট চালু হয়। তার আগে সন্ধ্যা পর্যন্ত তিনটি ঘাটে চলে গাড়ি পারাপার। এ ছাড়া আগের তুলনায় গাড়ি পারাপারও অনেক বেড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘২ নম্বর ঘাটটি ব্যবহার উপযোগী। ইচ্ছা হলে যেকোনো সময় ফেরি ভিড়তে পারে। ৬ নম্বর ঘাটটি লো-ওয়াটার লেভেলের হওয়ায় বর্ষা মৌসুম ছাড়া চালু করার সুযোগ নেই। অন্যান্য ছোটখাটো যে সমস্যা আছে, তা আমরা শিগগিরই ঠিক করে দেব।’
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ১১টি রো রো (বড়), ৬টি ইউটিলিটি (ছোট), ১টি কে টাইপ (মাঝারি) ও ২টি ডাম্পসহ (টানা) মোট ২০টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২২৬টি ট্রিপ দেয় ফেরি। এ সময় দৌলতদিয়া থেকে ৬৮৩টি বাস, ১ হাজার ৪২২টি ট্রাক, ১ হাজার ৩৩৫টি ছোট গাড়িসহ প্রায় ৩ হাজার ৫০০ গাড়ি পার হয়। তার আগের দিন ট্রিপ চলে ২২৮টি। সেদিন দৌলতদিয়া থেকে প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার হয়। দুই ঘাট মিলে প্রায় আট হাজার গাড়ি পারাপার হয়। চার মাস আগেও ২৪ ঘণ্টায় গড়ে ১৭০ থেকে ১৮০ ট্রিপ চলত এবং সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজারের মতো গাড়ি পার হতো।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১ ও ২ নম্বর ঘাট সংস্কার করে ব্যবহার উপযোগী করলেও বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজাসহ বিভিন্ন পণ্যবাহী কার্গো রাখায় ঘাটটি ফেরি চলাচলের কাজে ব্যবহার হয় না। ৬ নম্বর ঘাটের কাছে পর্যাপ্ত পানি না থাকা ও সংযোগ সড়ক থেকে পন্টুন বেশি নিচু হওয়ায় ৮ মাস ধরে ঘাটটি বন্ধ আছে।
আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ছয় কিলোমিটারজুড়ে বিভিন্ন ধরনের গাড়ি। প্রতিদিনের দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি কাঁচামালের গাড়ি, মাছের গাড়িসহ জরুরি গাড়ি অগ্রাধিকারভিত্তিতে পার হওয়ায় সাধারণ পণ্যের গাড়ি আটকে থাকছে। মহাসড়কের আশপাশে যথেষ্ট শৌচাগার, খাবারের হোটেল না থাকায় চালক ও তাঁদের সহকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেনাপোল থেকে আসা ট্রাকচালক ইকবাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তার উদ্দেশে রওনা হয়ে রাত ১২টার দিকে গোয়ালন্দ মোড়ে পৌঁছেছি। সারা রাত থাকার পরে ভোর ছয়টায় ঘাটের দিকে গাড়ি ছেড়ে দেয়। ঘাটের কাছে এসে আরও প্রায় ছয় ঘণ্টা বসে আছি।’ ফেরির নাগাল পেতে রাত হয়ে যাবে বলে তাঁর ধারণা।
যশোর থেকে আসা আরেক ট্রাকচালক আলাউদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, ‘ঘাটের কাছে সিরিয়ালে এভাবে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যে কতটা কষ্টের, তা বলে বোঝাতে পারব না। ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই। রাত জাগায় শরীরও অনেক খারাপ হয়ে যাচ্ছে।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালিদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ফেরির সংকট নেই। অতিরিক্ত গাড়ি বেড়ে যাওয়ায় চাপ সৃষ্টি হয়। আগে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি পারাপার হতো। বর্তমানে সাড়ে সাত থেকে আট হাজার গাড়ি পারাপার হয়।