ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মৃত মুরগির খিদে!
ছোটবেলার ঘটনা। এক রাতে হঠাৎ খিদে পেল। ফ্রিজে কিছু আছে কি না, দেখতে গিয়ে আস্ত একটা মুরগির রোস্ট আর মিষ্টি পেলাম। গপাগপ কয়েকটা মিষ্টি খেয়ে ফেললাম। চলে আসার সময় শুনলাম ফ্রিজের ভেতরে ‘কক কক’ শব্দ হচ্ছে। একমুহূর্ত দ্বিধা করে আবার ফ্রিজটা খুললাম। খোলা মাত্রই শব্দ বন্ধ। আবার ফ্রিজ বন্ধ করলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করতেই শুনি আবার সেই ‘কক কক’ শব্দ। কেন জানি মনে হলো শব্দটা মুরগির রোস্টের মধ্য থেকেই আসছে। ভাবলাম, মুরগিটার নিশ্চয়ই খিদে পেয়েছে। তাই দেরি না করে মুরগির রোস্টের পাশে একটা মিষ্টি রেখে দিয়ে ফ্রিজ বন্ধ করে দিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর নিশ্চিত হলাম আর কোনো শব্দ হচ্ছে না। মুরগির খিদে মিটিয়ে তাই নিশ্চিন্তে ঘুমাতে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম, মা এক ভদ্রলোককে বলছেন, ‘কবে থেকে বলছি, ফ্রিজটা বেশ কদিন ধরে ঝামেলা করছে। ভেতর থেকে কেমন খটখট শব্দ হয়। আর আপনি সারাই করতে এলেন এত দিন পর!’ শুনে বোকার মতো দাঁড়িয়ে রইলাম আমি!
নাঈম আহমেদ
তালকানা
ঈদের দিন ঘুরতে বের হলাম। নানার বাসা থেকে ফুফুর বাসায় যাব। রিকশা খুঁজতে লাগলাম। এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ‘মামা, ধানমন্ডি ৭, গ্রিন রোড যাবেন?’ রিকশাওয়ালা একগাল হেসে বললেন, ‘যাব না কেন? অবশ্যই যাব।’ রিকশায় ওঠার আগে ভাড়া ঠিক করে নেওয়া আমার অভ্যাস। জিজ্ঞেস করলাম, ‘ভাড়া কত?’ রিকশাওয়ালা তখনো হাসছিলেন, ‘চাইর হাজার টাকা!’ ভাড়া শুনে আকাশ থেকে মাটিতে পড়ব না পুকুরে পড়ব, ভাবার আগেই রসিক রিকশাওয়ালা বুঝিয়ে বললেন, ‘চিটাগাং থেইকা ঢাকার ধানমন্ডি যাবেন, সেই হিসাবে ভাড়াটা ঠিক আছে না?’ ততক্ষণে মনে পড়ল, আমি ঈদ করতে চট্টগ্রামে নানাবাড়িতে এসেছি!

সাইয়েদুল আবরার

.
.

দাদুর কাণ্ড
দাদু একদিন আমার সঙ্গে সিনেমা দেখতে বসেছেন। সিনেমায় তখন নায়ক শাকিব খানের সঙ্গে গুন্ডাদের কঠিন মারামারি হচ্ছে। এমন সময় দাদু আম্মুকে জোরে জোরে ডাকতে লাগলেন, ‘কেয়ার মা, দেইখা যাও। তাড়াতাড়ি!’ দাদুর চিৎকার শুনে আমি বেশ অবাকই হলাম, শাকিব খানকে না চিনেই দাদু তাঁর এত বড় ভক্ত হয়ে গেলেন যে আম্মুকেও তাঁর সিনেমা দেখাতে ডাকছেন! রান্নাঘর থেকে দাদুর ডাক শুনে আম্মু ততক্ষণে হন্তদন্ত হয়ে টিভিরুমে ছুটে এসেছেন। দাদু আম্মুকে বললেন, ‘দেখছ নাকি, কোন জায়গায় জানি আওয়ামী লীগ-বিএনপির গন্ডগোল লাগছে! মানুষ পিটায়া শেষ কইরা ফেলতেছে!’
শামীমা আক্তার

প্রস্তুতি
পরীক্ষায় ফেল করার পর বাবা ছেলেকে বললেন, ‘এর পরেরবার থেকে কী করতে হবে বুঝতে পেরেছ?’ ছেলে জবাব দিল, ‘জি, বাবা।’
: কী বুঝতে পেরেছ?
: এরপর শুধু পরীক্ষার আগের দিন মানে এক দিন পড়লেই চলবে না। পরীক্ষার ঠিক দুই দিন আগে থেকে পড়তে হবে।

ফারহান ইশরাক