ফেসবুক কর্নার

কঙ্কালবৃত্তান্ত
সেদিন জীববিজ্ঞান ক্লাসে স্যার হীরাকে জিজ্ঞেস করলেন, ‘হীরা, বলো তো, বহিঃকঙ্কালের অংশ কোনটা? নখ, চুল, না দাঁত?’ হীরা আন্দাজে উত্তর দিল, ‘স্যার, সবগুলোই।’ স্যার ভুল উত্তর শুনে মহাবিরক্ত হয়ে বললেন, ‘আহা! এই সামান্য জিনিস পারো না? শুধু নখ আর চুল। দাঁত মুখের ভেতর থাকে তাই এটা অন্তঃকঙ্কাল।’ হীরা মাথা চুলকে জানতে চাইল, ‘কিন্তু স্যার, যাদের দাঁত বাইরে বের হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কী?’
ফারজানা ঐশী
মশা মারতে হাতুড়ি
সেদিন রাতে মশারি টানানোর জন্য হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকছিলাম। আমাদের এক প্রতিবেশী তখন হয়তো ঘুমাচ্ছিলেন। শব্দ শুনে বিরক্ত হয়ে ঢুলু ঢুলু চোখে দরজায় নক করলেন তিনি। দরজা খুলতেই ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলেন, ‘ভাই, এত রাতে কী করতেছেন?’ আমার হাতে হাতুড়ি দেখে কিছু একটা আন্দাজ করে বললেন, ‘ও আচ্ছা, মশা মারতেছেন! তাহলে ঠিক আছে।
অহী চৌধুরী

এমনটা কি আপনার বেলায়ও হয়?
পরীক্ষার আগের রাতে পড়ছেন। অনেকক্ষণ পড়ে বিরক্তি লাগছে। মুঠোফোনটা একটু হাতে নেবেন । ঠিক তখনি মা এসে বলবেন, ‘পড়া বাদ দিয়ে সারা দিন মোবাইল গুঁতাগুঁতি হয়, তাই না?’
প্রায় সব প্রশ্নই ঠিকমতো পড়ে গেছেন। কিন্তু পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর দেখবেন, ঠিক যেই প্রশ্নটা বাদ দিয়েছিলেন, স্যার বেছে বেছে ওই প্রশ্নটাই দিয়েছেন।
আল সানি
বুদ্ধি
সেদিন শুয়ে শুয়ে চিপস খাচ্ছিলাম আর বই পড়ছিলাম। আম্মু দেখেই ধমকে উঠল, ‘এই বাবু, শুয়ে খেতে নেই। খাবার একদম মাথায় চলে যাবে দেখিস!’ আমি ‘ইউরেকা’ বলে চেঁচিয়ে উঠলাম, ‘তাহলে এখন থেকে শুয়ে শুয়ে অঙ্ক করব, যেন অঙ্কগুলো একেবারে মাথায় চলে যায়!’
অহর্নিশ অহনা
গ্রন্থনা: ফাহমিদা আলম