ফেসবুক পোস্টে বাঁচল ঘড়িয়ালটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী চিড়িয়াখানার ঘড়িয়াল। সম্প্রতি তোলা
ছবি: লেখক

রাজবাড়ীর পাংশা উপজেলার সাহপাড়া গ্রামের জেলেদের জালে একটি ঘড়িয়াল ছানা ধরা পড়ে গত মঙ্গলবার। জেলেরা ঘড়িয়াল ছানাটি বিক্রির চেষ্টা করছে শুনে স্থানীয় স্কুলশিক্ষক মোসলেম উদ্দিন মুঠোফোনে ঘড়িয়ালটির ছবি তুলে এটিকে উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দেন। পোস্টে অনেক মানুষ মন্তব্য করেন। বগুড়ার আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন তিরের (টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ) সভাপতি আরাফাতুর রহমানের নজরেও আসে পোস্টটি। তৎক্ষণিকভাবে তিনি ওই স্কুলশিক্ষকসহ এলাকার অন্যান্য মানুষ এবং বন বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত সামাজিক বন বিভাগ, যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এগিয়ে আসেন। তাঁর তৎপরতায় ফরিদপুর সামাজিক বন বিভাগের কর্মীরা ঘড়িয়াল ছানাটি উদ্ধার করে গতকাল বুধবার ঢাকায় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে পাঠিয়েছে। বিকেলে এই ইউনিটের পরিচালক জহির আকনের সঙ্গে আলাপকালে জানলাম, কিছুক্ষণ আগে তাঁদের কাছে ছানাটি এসে পৌঁছেছে। ছানাটির মাপজোখ ও পরীক্ষা শেষে এটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অপর একটি ঘড়িয়ালের সঙ্গে রাখা হবে। এভাবেই স্থানীয় লোকজনের উদ্যোগ আর বন্য প্রাণীপ্রেমীদের তৎপরতায় বেঁচে গেল মহাবিপন্ন সরীসৃপের ছানাটি।

ঘড়িয়াল মিঠাপানির কুমির। প্রকৃত সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকা অনুযায়ী ঘড়িয়াল বাংলাদেশে তো বটেই, সারা বিশ্ব থেকেই হারিয়ে যাচ্ছে। এটিকে মহাবিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দেশে এরা ঘড়েল, বাইশাল বা মেছো কুমির নামেও পরিচিত। এ ছাড়া এদের লম্বা-নাক কুমির, নাকা, নাকার ইত্যাদিও বলা হয়। গেভিয়ালিডি পরিবারের সদস্য ঘরিয়ালের বৈজ্ঞানিক নাম Gavialis gangeticus। ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান ও মিয়ানমারের অত্যন্ত প্রাচীন প্রাণী ঘড়িয়াল। প্রায় দুই হাজার বছর ধরে এরা পৃথিবীতে বসবাস করছে। শুধু ভারত, নেপাল ও বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট নদীতে ঘড়িয়ালের দেখা মেলে। বাংলাদেশে ঘড়িয়ালের আবাস প্রধানত যমুনা নদীর ফুলছড়ি ঘাট থেকে নগরবাড়ী ঘাট পর্যন্ত এবং পদ্মা নদীর চারঘাট থেকে গোদাগাড়ী পর্যন্ত। প্রাকৃতিক পরিবেশে পৃথিবীতে মাত্র ২০০টির মতো বুনো ঘড়িয়াল রয়েছে।

রাজবাড়ী থেকে উদ্ধার হওয়া ঘড়িয়াল ছানা
ছবি: সংগৃহীত

অত্যন্ত লম্বা চোয়ালের জন্য ঘড়িয়াল অন্যান্য কুমির থেকে আলাদা। পুরুষের ওপরের চোয়ালে, নাকের ঠিক ওপরে কলস বা ঘড়া আকৃতির একটি পিণ্ড থাকে। আর এ কারণেই সম্ভবত এর নাম ঘড়িয়াল। লম্বা চোয়ালটি বাদ দিলে এরা দেখতে অন্যান্য কুমিরের মতোই। পিঠ ও লেজ কাঁটাযুক্ত শক্ত আঁশে মোড়ানো থাকে। লম্বায় ৪.৫ থেকে ৯ মিটার পর্যন্ত হয়।

মাছ এদের প্রধান খাদ্য। আঁশবিহীন মাছ, বিশেষ করে বোয়াল, আইড়, গুজি, পাঙাশ বেশি পছন্দ। লম্বা চোয়ালটি মাছ ধরার জন্য বিশেষভাবে উপযোগী। মাছ প্রধান খাবার বলে এরা মেছো কুমির নামে পরিচিত। এরা বালুচরে রোদ পোহাতে পছন্দ করে। রোদ পোহানোর সময় সাধারণত বিশাল হাঁ করে থাকে। যদিও মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু মানুষ এদের ক্ষতি করতে মোটেও ছাড়ে না।

চৈত্র এদের প্রজনন ঋতু। এ সময় স্ত্রী ঘড়িয়াল বালুতে গর্ত করে ৪০-৫০টি ডিম পাড়ে। ক্যাপসুল আকৃতির ধবধবে সাদা একেকটি ডিমের ওজন আড়াই শ গ্রাম। ৬০-৭৫ দিনে ডিম ফুটে ছানা বের হয়। ছানাদের প্রধান শত্রু বড় ঘড়িয়াল, কুমির, শিকারি পাখি, বোয়ালজাতীয় রাক্ষুসে মাছ ইত্যাদি। ছানাগুলো চার-পাঁচ বছর বয়সে প্রজননক্ষম হয়। এদের আয়ুষ্কাল ৫০-৬০ বছর।