ফেসবুক পোস্টে ‘মাদক ব্যবসায়ী’ বলায় বাড়িতে হামলা, তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে এক ব্যক্তিকে ‘মাদক ব্যবসায়ী’ উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত তরুণের নাম মুহাম্মদ জসিম উদ্দিন (২৮)।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা হোসেনেরখিল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় জসিমকে বাঁচাতে গিয়ে তাঁর দুই ভাই মুহাম্মদ করিম (২৬) ও মুহাম্মদ রফিক (৩৮) আহত হয়েছেন।

অভিযোগ আছে, হামলায় জড়িত আরেক তরুণ মুহাম্মদ মামুন (২৮) ও তাঁর বোন মাহমুদা বেগমের ঘর উত্তেজিত জনতা দুপুর ১২টার দিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুপুর পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা চলছিল। ভুজপুর থানা–পুলিশ জানায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহত জসিম ওই গ্রামের মৃত মুহাম্মদ আলী হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানিয়েছে, জসিম বিবাহিত। তবে তাঁর কোনো সন্তান আছে কি না সেটি জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পারিবারিক বিরোধ থেকে। নিহত জসিমের ভাই করিম বিয়ে করেছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মামুনের বোনের মেয়েকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি আইডি থেকে করিমের খালুশ্বশুর আলী আক্কাসকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ায় করিমকে সন্দেহ করেন মামুন। পরে আজ সকালে করিমের বাড়িতে গিয়ে অভিযুক্তরা হামলা চালান। এতে জসিম নিহত ও তাঁর অপর দুই ভাই আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মামুন ও আলী আক্কাস নামের তিনজনসহ আরও ৬ থেকে ৭ জন দেশীয় অস্ত্রধারী যুবক জসিমের বাড়ির উঠানে গিয়ে তাঁর ভাই করিমকে খুঁজতে থাকেন। একপর্যায়ে করিম ও তাঁর ভাই জসিম এবং রফিকের সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে তর্ক শুরু হয় হামলাকারীদের। এ সময় করিম ও তাঁর দুই ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, জসিমের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপর উত্তেজিত জনতা দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে হামলা চালিয়ে অভিযুক্ত মুহাম্মদ মামুনের টিনশেড ঘর ও নিহত জসিমের ঘরের পাশে থাকা মামুনের বোন মাহমুদা আকতারের ঘর আগুনে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দাঁতমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুহাম্মদ মুনির হোসেন প্রথম আলোকে বলেন, জসিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যা ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হবে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।