ফেসবুক লাইভের পাঁচ দিন পর দলীয় কার্যালয়ে এলেন সাংসদ একরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। মঙ্গলবার দুপুরে নোয়াখালী শহরের দলীয় কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ফেসবুক লাইভে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’ বলার পাঁচ দিন পর জেলা শহরের দলীয় কার্যালয়ে এলেন সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তিনি দলীয় কার্যালয়ে আসেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। এ সময় তিনি তাঁর অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী দলীয় কার্যালয়ে আসার পর তাঁর অনুসারী দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি কার্যালয়ের সভাকক্ষে গিয়ে বসেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম সামছুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও সাংসদের ঘনিষ্ঠজন মোজাম্মেল হক ওরফে মানিক ছাড়াও জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

আরও পড়ুন

মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, একরামুল করিম চৌধুরী সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত রোববার দেশে ফেরেন। গতকাল সোমবার তিনি তাঁর নোয়াখালীর কবিরহাট উপজেলার গ্রামের বাড়িতে আসেন। আজ দলীয় কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

১০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। লাইভ বক্তৃতায় তিনি ওবায়দুল কাদেরকে ‘নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’ বলে মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, একরামুল করিম চৌধুরী যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। ওই দিন তিনি সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবেন। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। তবে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

১০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। লাইভ বক্তৃতায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’, ‘ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন’সহ বিভিন্ন মন্তব্য করেন। একই লাইভে তিনি ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও বর্তমান জেলা আওয়ামী লীগের নেতাদেরও নানা সমালোচনা করেন।

একরামুলের ওই লাইভের পর গত শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই দিন বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একরামুলকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। যদিও ওই কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের কোনো নেতা অংশগ্রহণ করেননি।

একরামুল করিম চৌধুরী টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। যাতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খানকে।