ফেসবুকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোয় তরুণের ৫ বছর জেল
কলেজছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে পড়া এক তরুণকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, আসামি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ২৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে ২৩ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। আর ২৫ ধারায় দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। একটির সাজার পর আরেকটি সাজা কার্যকর হবে।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইমরান শেখ ওরফে ইমনের ২০১৯ সালে পরিচয় হয়। ইমরান ঢাকার শের–ই–বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তখন। আর ওই ছাত্রী একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কথা বলার পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ইমরানের কথাবার্তা ও চলাফেরা ভালো না হওয়ায় একপর্যায়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ছাত্রী। এতে ইমরান ভয়ভীতি দেখানো শুরু করেন।
২০১৯ সালের ২৫ মে ইমরান ওই ছাত্রীর মুঠোফোনে ভয়ভীতিমূলক খুদে বার্তা পাঠান ইমরান। পরে ওই ছাত্রীর ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে তা কাটছাঁট করে আপত্তিমূলক বানিয়ে বিভিন্নজনের ফেসবুক মেসেঞ্জারে দিতে থাকেন। ওই ছাত্রীর এক বান্ধবীর মাধ্যমে এটা প্রথম তাঁদের নজরে আসে। পরে একাধিক নম্বর থেকে ওই ছাত্রীর মাকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে পরে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।
পরে ওই ছাত্রীর বাবা ২০১৯ সালের ১৫ জুলাই বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।