ফেসবুকে নিখোঁজ হওয়া প্রার্থীর স্ট্যাটাস, অবশেষে আটক
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের ৩ দিন আগে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নিখোঁজ হন। এরপর গতকাল রোববার রাতে নিখোঁজ ওই প্রার্থী অবশেষে তাঁর ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দেন, ‘আলহামদুলিল্লাহ সুস্থ আছি’। ওই স্ট্যাটাসের সূত্র ধরে আজ সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
গতকাল দিবাগত রাত তিনটার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে মেহেদী হাসান লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের পথচলা সুন্দর হবে ইনশা আল্লাহ। নির্বাচন অথবা কাউন্সিলর এটা তো অছিলা মাত্র, আমি সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাব ইনশা আল্লাহ।’
কিছুক্ষণের মধ্যেই ওই স্ট্যাটাসে এলাকাবাসীর বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। একপর্যায়ে আজ সকাল সাতটার দিকে ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস মুছে ফেলেন।
এর আগে ২৫ নভেম্বর মেহেদী হাসান নিখোঁজ হন বলে জানা যায়। তাঁর স্বজনেরা জানিয়েছিলেন, ওই দিন সকাল ছয়টার দিকে মেহেদী হাসান মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ওই দিন সন্ধ্যায় মেহেদী হাসানের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে তাঁর স্বজনেরা নিখোঁজের ঘটনায় সংবাদ সম্মেলন করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কাউন্সিলর প্রার্থী নিখোঁজের পর কালিয়াকৈর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছিল। কিন্তু প্রথম থেকে থেকেই ধারণা করা হচ্ছিল ওই প্রার্থী ইচ্ছা করেই নিখোঁজ হয়েছেন। অবশেষে আজ সকালে সিটি করপোরেশনের লক্ষ্মীপুর এলাকা থেকে ওই প্রার্থীকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গতকাল রোববার কালিয়াকৈর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।