ফেসবুকে পরিচয় থেকে বিয়ে: সেই কলেজছাত্রীর লাশ সরিয়েছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা
বরিশালের গৌরনদীতে নিহত বগুড়ার কলেজছাত্রী নাজনিন আক্তারের (২৪) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে আসামি সাকিব হোসেনের (২৪) দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ভাড়া বাড়ির সেপটিক ট্যাংকে নাজনিনের লাশ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার আসামি সাকিবকে নিয়ে দিনভর পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করে সেপটিক ট্যাংক সেচ করে শুধু লাশের অংশবিশেষ, নাজনিনের ব্যবহৃত ওড়না ও মুঠোফোন উদ্ধার করে।
বগুড়া সদর থানা-পুলিশ লাশ উদ্ধার না করেই আসামি সাকিব হোসেনকে নিয়ে মঙ্গলবার রাতে বগুড়া ফিরে যায়। বস্তাবন্দী লাশ আজ বুধবার বেলা দুইটার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর কাটাগাছতলা এলাকায় খালের পাড়ের ধানখেত থেকে উদ্ধার করে গৌরনদী থানার পুলিশ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, বগুড়া পুলিশের মঙ্গলবারের অভিযান ব্যর্থ হওয়ার পরে ওই দিন রাতে গৌরনদী মডেল থানার পুলিশ আসামি সাকিবের ভ্যানচালক বাবা করিম হাওলাদারের ঘনিষ্ঠ গৌরনদীর বাটাজোর বন্দরের মুদিদোকানদার মো. সরোয়ার ফকিরকে (৩৫) আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে করিম হাওলাদার কোথায় আছেন, সে তথ্য উদ্ঘাটনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বেলা দুইটার দিকে বাটাজোর কাটাগাছতলা এলাকার খালের পাড়ের ধানখেত থেকে নিহত নাজনিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধার করা লাশটি নিহত বগুড়ার কলেজছাত্রী নাজনিনের নিশ্চিত করে ওসি তদন্ত আরও বলেন, কলেজছাত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে রেখেছেন, তাঁর স্বামী সাকিবের দেওয়া তথ্য সঠিক ছিল। কিন্তু পরবর্তী সময়ে সাকিবের বাবা করিম হাওলাদার ও মা বীথি বেগম মেয়ে ও সহযোগীদের নিয়ে সেপটিক ট্যাংক থেকে লাশ তুলে প্রথমে পলিথিনের বস্তায় এবং পরে চটের বস্তায় ভরে লাশ সরিয়ে ফেলেন। সাকিবের বাবা, মা ও বোন এখনো পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার আসামি সাকিবকে নিয়ে দিনভর বগুড়া সদর থানা-পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করে সেপটিক ট্যাংক সেচ করে শুধু লাশের অংশবিশেষ, নাজনিনের ব্যবহৃত ওড়না ও মুঠোফোন উদ্ধার করে। বুধবার বস্তাবন্দী লাশ উদ্ধার করে গৌরনদী থানার পুলিশ।
নাজনিন হত্যার ঘটনাটি নিয়ে গতকাল প্রথম আলোতে ‘ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, প্রথমবার শ্বশুরবাড়িতে এনে কলেজছাত্রীকে হত্যা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা চাঞ্চল্য তৈরি করে। ওই কলেজছাত্রীকে বিয়ের ছয় মাস পর প্রথমবারের মতো বরিশালের গৌরনদীতে নিজেদের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করেন স্বামী সাকিব। এ ঘটনায় সাকিব পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
সাকিব গ্রেপ্তারের আগপর্যন্ত বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে (বেসামরিক) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাজনিনের পরিবার ও পুলিশ জানায়, নাজনিনের সঙ্গে ফেসবুকে সাকিব হোসেনের পরিচয় হয়। পরে সেখান থেকে প্রেমের সম্পর্ক এবং পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর তাঁরা শরিয়ত মোতাবেক এবং ১ অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। দুজনই বিয়ের কথা গোপন রাখেন। পরে দুই পরিবারে জানাজানি হলে মেয়ের পরিবার প্রথমে বিয়ে মেনে না নিলেও পরবর্তী সময়ে মেনে নেয়। তবে বিয়ের কাবিননামায় সাকিব প্রকৃত পরিচয় গোপন রেখে নিজের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার ‘জালোকাঠি’ গ্রাম, পোস্ট আগৈলঝাড়া উল্লেখ করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, গত ৩ মে সাকিব কর্মস্থল থেকে এক মাসের ছুটি নেন এবং বগুড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ২৪ মে সকালে সাকিব স্ত্রীকে বলেন, তাঁর বাবা গুরুতর অসুস্থ। মা-বাবা তাঁকে দেখতে চান। এ কথা বলে শ্বশুরবাড়ির কাউকে কিছু না জানিয়ে স্ত্রী নাজনিনকে নিয়ে তিনি বরিশালে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই দিন বিকেলে নাজনিনের পরিবারের লোকজন বাড়ি ফিরে মেয়ে-জামাতাকে না পেয়ে মুঠোফোনে ফোন করলে সাকিব একেক সময় একেক কথা জানান। রাত ১১টার দিকে নাজনিনের পরিবার ফোন দিলে স্বামী-স্ত্রী দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায়। ২৬ মে সকালে নাজনিনের বড় ভাই আবুল আহাদ বগুড়া সদর থানায় বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। পুলিশ বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টকে জানায় এবং ২৭ মে নাজনিনের বড় ভাই আহাদও ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সাকিবের ছুটি বাতিল করে ২৮ মে কর্মস্থলে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন হাজির হলে সাকিবকে বগুড়া থানায় সোপর্দ করে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ। পরে পুলিশের কাছে সাকিব খুনের দায় স্বীকার করে বলেন, ২৪ মে রাত ১০টার দিকে স্ত্রী নাজনিনকে নিয়ে তিনি বাবার ভাড়া বাসায় পৌঁছান। সেখানে টিনের জীর্ণশীর্ণ ঘরে উঠলে স্ত্রী তাঁর কাছে জানতে চান, প্রেমের সময় তিনি বাবার বাড়ি পাঁচতলা বিল্ডিং বলেছিলেন। তবে এখন কেন এখানে উঠলেন? এ নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটির একপর্যায়ে সাকিব নাজনিনকে খুন করার সিদ্ধান্ত নেন। ২৪ মে রাত ১২টায় তিনি স্ত্রী নাজনিনকে প্রথমে গলায় রশি পেঁচিয়ে, পরে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে নাজনিনের লাশ গলার ওড়না দিয়ে টেনে নিয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
নিহত নাজনিনের বড় ভাই আবুল আহাদ (৩০) বলেন, সাকিব বিয়ের কাবিননামায় মিথ্যা ঠিকানা ব্যবহার করেছেন। তাঁর বাবা এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি এবং গ্রামে তাঁদের পাঁচতলা বাড়ি আছে বলে তাঁর ছোট বোন নাজনিনকে জানিয়েছিলেন।
প্রকাশিত সংবাদের তথ্যের সংশোধনী
প্রথম আলোর অনলাইনে গতকাল মঙ্গলবার ‘ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, প্রথমবার শ্বশুরবাড়িতে এনেই হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদে অভিযুক্ত সাকিব হোসেনকে সেনা সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে সাকিব হোসেন সেনা সদস্য নন। তিনি ক্যান্টনমেন্ট বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।