ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা
দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে সিকিউরিটি সার্ভিস। এমনকি সরকারি–বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন বিজ্ঞাপন সহজেই বেকার তরুণ–তরুণীদের দৃষ্টি কাড়ে। এভাবে প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।
পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এমনই একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার দিলালপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৪), ঈশ্বরদী উপজেলার ঝাউদিয়া গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও বাঘইল উত্তরপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (৩৩)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ‘ফাবিয়া এন্টারপ্রাইজ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান চাকরি দেওয়ার নামে বেকার তরুণ–তরুণীদের সঙ্গে প্রতারণা করছিল। তারা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে শুরু করে সিকিউরিটি সার্ভিস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিত। এরপর চাকরিপ্রার্থীরা যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘোরানো হতো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ফাবিয়া এন্টারপ্রাইজের কার্যালয় থেকে প্রতারণার শিকার চারজনকে উদ্ধার এবং প্রতারণার সঙ্গে যুক্ত ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে ফাবিয়া এন্টারপ্রাইজের কার্যালয় থেকে প্রতারণার শিকার চারজনকে উদ্ধার এবং প্রতারণার সঙ্গে যুক্ত ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু নিয়োগপত্র, অব্যাহতিপত্রসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। এ পর্যন্ত আমরা যেসব অভিযোগ পেয়েছি, তাতে তাঁরা ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’