ফেসবুকের কল্যাণে হারানো শিশু ফিরল মা-বাবার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ জিসান
সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে মোহাম্মদ জিসান নামের নয় বছরের এক শিশু নিখোঁজের একদিন পর তার মা-বাবার কাছে ফিরেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ জিসান উপজেলার ছমদরপাড়া এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সোমবার বিকেলে মাদ্রাসা ছুটির পর সে ঘুরতে বের হয়। পরে পথ ভুলে সে চার কিলোমিটার দূরে কেরানীহাটে চলে যায়। ওই দিন রাত ১০টার দিকে কেরানীহাট নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী শিশুটিকে একটি দোকানের পাশে বসে কাঁদতে দেখেন। ব্যবসায়ীরা আশপাশে কাউকেও দেখতে না পেয়ে শিশুটিকে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যান।

ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে সমিতির কার্যালয়ে নেওয়া হয়। সে তার বাড়ি সাতকানিয়া, বাবার নাম কামাল উদ্দিন ও মায়ের নাম ফাতেমা ছাড়া কোনো ঠিকানা বা মুঠোফোন নম্বর বলতে পারছিল না। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা শিশুটির ছবিসহ তার বাবা-মায়ের সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি ফেসবুকে ছবি দেখে শিশুটির পরিবারের কাছে খবর পাঠায়। পরে ব্যবসায়ী সমিতির সদস্য, সংবাদকর্মী ও পরিবারের সদস্যদের সামনে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

শিশুটির মা ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে মাদ্রাসা ছুটির পর জিসান রাস্তার দিকে ঘুরতে বের হয়। পরে সে পথ ভুলে গিয়ে হাঁটতে হাঁটতে কেরানীহাটে চলে যায়। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্য, স্বজন ও মাদ্রাসার শিক্ষকেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। মঙ্গলবার দুপুরের দিকে পরিচিত এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে নিখোঁজ জিসানের সন্ধান পাওয়ার খবর জানান।


কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম ও স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলাম বাবর প্রথম আলোকে বলেন, পরিচিতের মাধ্যমে খবর পেয়ে জিসানের বাবা-মাসহ স্বজনেরা তাকে নিতে আসেন। মা-বাবাকে দেখামাত্রই দৌড়ে তাদের কাছে চলে যায়।