ফোন করে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে ঢাকায় ফেরত আনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

টাঙ্গাইলে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ফোন করে তাঁকে ঢাকায় ফেরত নেওয়া হলো। গতকাল রোববার তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যকর্মীর বাড়িসহ আশপাশ লকডাউনের প্রস্ততি নেওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। তিনি রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের একজন ওয়ার্ডবয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, স্থানীয় প্রশাসন আক্রান্ত স্বাস্থ্যকর্মীর গ্রামের কতজন তাঁর সংস্পর্শে এসেছিলেন, তা শনাক্ত করছে। স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যদের সখীপুরের মুজিব কলেজের আইসোলেশন বিভাগে আনার প্রক্রিয়া চলছে।


রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের একজন চিকিৎসক জানান, কয়েক দিন আগে এ হাসপাতালের দুজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দুটি ওয়ার্ডের সব চিকিৎসক ও রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের গত বুধবার নমুনা সংগ্রহ করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার ফলাফলে শুধু ওই স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। পরে ওই দিনই হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা জানতে পারে, উপসর্গ নিয়েই ওই স্বাস্থ্যকর্মী গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। হাসপাতালের ফোন পেয়ে গতকাল ওই স্বাস্থ্যকর্মী তাঁর কর্মস্থলে ফিরে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল শামীম জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে। যে সিএনজিচালিত অটোরিকশা করে গোড়াই স্টেশনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমেছিলেন, সেই অটোরিকশার চালককেও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার কাজ চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, ‘সখীপুরে এ পর্যন্ত ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ দুপর ১২টা পর্যন্ত ৩৯ জনের নমুনার ফলাফল আমাদের কাছে এসেছে। এর মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে ওই স্বাস্থ্যকর্মীর অজ্ঞতার কারণে সখীপুরে করোভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।’


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িঘর লকডাউন করার প্রক্রিয়া চলছে।