ফোন পেয়ে করোনায় আক্রান্ত পরিবারে খাবার পৌঁছে দিলেন মেয়র
মেহেরপুর পৌর শহরে করোনায় আক্রান্ত পাঁচটি পরিবারের জন্য নিজ উদ্যোগে ১০ দিনের খাদ্যসামগ্রী পোঁছে দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান। খাদ্যসহায়তার জন্য ফোন পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গিয়ে খাবার পৌঁছে দেন মেয়র।
পৌর মেয়র মাহফুজুর রহমান জানিয়েছেন, মেহেরপুর পৌর এলাকায় করোনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য মেয়র ও কাউন্সিলরদের নম্বর দেওয়া হয়েছে। যাঁদের খাবারের প্রয়োজন হবে, তাঁরা ফোন দিলে খাবার ও চিকিৎসাসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
পৌর মেয়র বলেন, দেশের প্রায় সব জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। যেসব পরিবারের লোকজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা বাইরে যেতে পারছেন না। হয়তো সবকিছুর সামর্থ্য রয়েছে কিন্তু নিতে পারছেন না। এমন অবস্থায় বুধবার রাতে তাঁর কাছে একটি ফোনকল আসে। এ পরিপ্রেক্ষিতে তিনি এই পরিবারগুলোকে প্রায় ১০ দিনের বেশি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
করোনাভাইরাস থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মনে চলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলা করতে হলে নিজেকেই সচেতন হতে হবে। তা না হলে আমরা কেউই রেহাই পাব না।’
খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাপ্পি ও জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা রোকনুজ্জামান প্রমুখ।