ফড়িয়াদের হাতে কৃষক ভর্তুকির কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষককে ১৪ মাত্রার আর্দ্রতার ফাঁদে ফেলে একশ্রেণির চালকলমালিক ও ফড়িয়া কৃষকের নাম ভাঙিয়ে নিজেরাই গুদামে ধান দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিয়ম অনুযায়ী, সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে। কৃষক যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, সে জন্য উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রত্যেক কৃষকের জন্য উপকরণ-সহায়তা কার্ড করে দেওয়া হয়েছে। কার্ডধারী কৃষকেরাই খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন ও বিক্রির টাকা তাঁদের ব্যাংক হিসাবে জমা হবে। এবার সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৩ টাকা। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। এবার শিবগঞ্জ খাদ্যগুদামে ৪ হাজার ৮২৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
উপজেলার কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকারিভাবে কোনো প্রচারণা না থাকায় কখন কীভাবে গুদামে ধান দিতে হবে, তা কৃষকেরা জানতেই পারেন না। পাশাপাশি এলাকার ফড়িয়ারা কথা ছেড়েছে, ‘কৃষক ধানের আর্দ্রতা ১৪ মাত্রায় নিয়ে আসতে পারবেন না। ফলে কৃষকের ধান সরকারি গুদামে নেওয়ার সুযোগ নেই।’ তা ছাড়া কৃষকেরা ধরেই নিয়েছেন তদবির ছাড়া গুদামে ধান দেওয়া অসম্ভব। এসব কারণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করার নির্দেশনা থাকলেও বাস্তবে তাঁরা ধান দিতেই যান না।
কৃষকেরা আরও অভিযোগ করেন, কিছু চালকলমালিক ও ফড়িয়া প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, কৃষি-সহায়তা উপকরণ কার্ড ও ছবি নিচ্ছেন। পরে কৃষি কার্যালয় থেকে এসব কৃষকের নামে প্রত্যয়নপত্র নিয়ে ব্যাংক হিসাব খোলেন। তাঁরা কৃষকের কাছ থেকে স্বাক্ষরও নিয়ে রাখেন। আর এসব কাজের জন্য প্রতি মেট্রিক টন ধানের বিপরীতে কৃষককে ৫০০ থেকে ১ হাজার টাকা দিয়ে ওই কৃষকের নামে গুদামে ধান দিচ্ছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বদরুল আলম বলেন, ‘কারও নামে কোনো বরাদ্দ নেই। আমি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করছি। আর কৃষককে ধান দেওয়ার জন্য প্রচারপত্র বিলি ও মাইকিং করা হয়েছে। এ ছাড়া আর যেসব অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফড়িয়া বলেন, ধান দেওয়ার বরাদ্দ এলাকার একটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। তাই তাঁদের কাছ থেকে বরাদ্দ কিনতে গড়ে ২ হাজার টাকা, অফিস খরচ, গুদাম খরচ, শ্রমিক খরচ মিলিয়ে লাগছে আরও ১ হাজার ৫০০ টাকা। কৃষককে দিতে হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা। খরচ রয়েছে আরও। এত খরচ করার পর তবেই এক মেট্রিক টন ধান সরকারি গুদামে দেওয়া যাচ্ছে।
গত সোম, মঙ্গল ও বৃহস্পতিবার উপজেলার তিনটি খাদ্যগুদাম ঘুরে কোথাও সরাসরি কৃষককে ধান দিতে দেখা যায়নি। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি গুদামের সামনে সর্বসাধারণের দৃশ্যমান জায়গায় দুই মিটার দৈর্ঘ্য হলুদ বোর্ডে লাল অক্ষরে সংগ্রহ মূল্যসহ প্রয়োজনীয় তথ্য লেখা সাইনবোর্ড টাঙানোর কথা। কিন্তু তিনটি গুদামের কোথাও তা চোখে পড়েনি।
উপজেলার সাত-আটজন কৃষক বলেন, সরকার বোরো ধানের প্রতি মণ ৯২০ টাকা নির্ধারণ করায় কৃষকেরা খুশি হয়েছিলেন। সরকারি এ ঘোষণায় এবার খাদ্যগুদামে ধান দেওয়ার আগ্রহ তৈরি হয়েছিল তাঁদের। কিন্তু বাস্তবে কৃষকেরা খাদ্যগুদামের ধারেকাছেও ঘেঁষতে পারছেন না। এ অবস্থায় বাধ্য হয়ে সাংসারিক প্রয়োজনে কৃষকেরা ‘পাইকারের’ কাছে ধান বিক্রি করে দিচ্ছেন মাত্র ৫৩০ টাকা মণ দরে।
কুড়াহার গ্রামের কৃষক আফজাল ইসলাম বলেন, ‘আমার এলাকার অনেক কৃষক সরকারি খাদ্যগুদামে ধান দিতে আগ্রহী ছিলেন। কিন্তু ধানের আর্দ্রতা ১৪ শতাংশ করাসহ বিভিন্ন ঝামেলার কারণে প্রয়োজনের সময় গুদামে ধান দিতে না পেরে তাঁরা পাইকারদের কাছে সরকারনির্ধারিত মূল্যের অর্ধেক মূল্যে বিক্রি করতে বাধ্য হয়েছেন।’ দামগাড়া গ্রামের কৃষক ফজলার রহমান বলেন, আসল কৃষকের বদলে ধান দিচ্ছেন ভেজাল কৃষক।
উপজেলা চালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘আমরা তো নিজেরাও কৃষক। তাই আমাদের ধান গুদামে দিচ্ছি। অন্য কৃষকের ধান দেওয়ার অভিযোগ সত্য নয়।’