বই নিতে এত মানুষ আসবে আমরা তা ভাবতেও পারিনি

বিনা মূল্যে বই বিতরণের এক ব্যতিক্রমী কর্মসূচির নাম ‘পুস্তক পথ’। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহীর একটি ফুটপাতে ৯ হাজার বই ও ম্যাগাজিন নিয়ে কর্মসূচিটি পালন করে নগরের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক ম্যাগাজিন মাইন্ড ক্যাসেল। সেখানে বিনা মূল্যে বই নিতে ও দিতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিল। কিশোরদের এ আয়োজনের কথা এখন রাজশাহী শহরের মানুষের মুখে মুখে। আয়োজকদের একজন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী হাসিন আনজুম। সে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। তার সাক্ষাৎকার নিয়েছেন আবুল কালাম মুহম্মদ আজাদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিন আনজুম

প্রশ্ন :

প্রথম আলো: পুস্তক পথে তো বিপুল মানুষ সাড়া দিল…

হাসিন আনজুম: আমরা সবাই অত্যন্ত আনন্দিত। বই নিতে এত মানুষ আসবে, আমরা তা ভাবতেও পারিনি।

প্রশ্ন :

প্রথম আলো: অভিভাবকেরা কী বলছেন?

হাসিন আনজুম: খুশি হয়েছেন। আমাদের এক বন্ধুর বাবা কলেজের অধ্যক্ষ। তিনি তাঁর কলেজের ফেসবুক পেজে এ অনুষ্ঠানের খবর দিয়েছেন। সবার মা–বাবা নিজ নিজ জায়গা থেকে পুস্তক পথের গল্প করছেন।

প্রশ্ন :

প্রথম আলো: তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা বিষয়টি কীভাবে দেখছেন?

হাসিন আনজুম: আমরা বলার আগেই শিক্ষকেরা জেনে গেছেন। দেখা হওয়ার পর বলছেন, তোমাদের খবর টিভিতে দেখলাম, পত্রিকায় দেখলাম। তাঁরাও খুব আনন্দ পেয়েছেন।

প্রশ্ন :

প্রথম আলো: এত বই কীভাবে সংগ্রহ করা সম্ভব হলো?

হাসিন আনজুম: আমরা পুস্তক পথের জন্য বই অথবা বই কেনার জন্য নগদ টাকা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলাম। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছেও সহযোগিতা চেয়েছিলাম। সবাই এগিয়ে এসেছে।

প্রশ্ন :

প্রথম আলো: সবচেয়ে বেশি বই কে সংগ্রহ করেছে?

হাসিন আনজুম: আমাদের স্বেচ্ছাসেবক রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী ওহি ফারহান। সে সংগ্রহ করেছিল ২১০টি বই। দ্বিতীয় সর্বোচ্চ বই দিয়েছে পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রী তালিহা নাজিয়া। সে সংগ্রহ করেছিল ২০০টি বই।

প্রশ্ন :

প্রথম আলো: পড়াশোনার চাপের মধ্যে বই সংগ্রহের সময় পেয়েছিলে?

হাসিন আনজুম: আমরা স্কুলে যাওয়া, শিক্ষকের কাছে পড়তে যাওয়া—যেখানেই গেছি, সেখানেই প্রচার চালিয়েছি। অনুষ্ঠানের দু-তিন দিন আগে থেকে বাড়তি কাজ করেছি।

প্রশ্ন :

প্রথম আলো: কী কী বই ছিল?

হাসিন আনজুম: বড়দের, তরুণদের, শিশুদের—সবার বই ছিল। ম্যাগাজিনের মধ্যে প্রথম আলোর কিশোর আলো-বিজ্ঞান চিন্তাও ছিল।

প্রশ্ন :

প্রথম আলো: অনেকেই বই কেনে, কিন্তু পড়ে না। পুস্তক পথের পাঠকেরা বই কি পড়ছে? এটা জানার কোনো উপায় আছে কি?

হাসিন আনজুম: আমরা নিয়ম করেছিলাম, যারা বই নেবে তাদের ফোন নম্বর লিখে নেব। পরে রিভিউ (পর্যালোচনা) চাইব। কিন্তু কিছু ফোন নম্বর লেখার পরে মানুষের চাপ অনেক বেড়ে যায়। এ কারণে নম্বর লিখে রাখা বন্ধ রাখতে হয়। তবে বই পড়ে অনেকেই ফেসবুকে লিখছে। বুঝতে পারছি তারা বই পড়ছে।

প্রশ্ন :

প্রথম আলো: উদ্যোগের ধারণা (আইডিয়া) প্রথমে কে দিয়েছিল?

হাসিন আনজুম: রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা তাসনিম। তার আইডিয়া আমরা সবাই মিলে বাস্তবায়ন করি।

প্রশ্ন :

প্রথম আলো: সবাই বলতে কারা?

হাসিন আনজুম: আমরা যারা প্রথমে আমাদের অনলাইনে লেখার প্ল্যাটফর্ম মাইন্ড ক্যাসেল তৈরি করি, সেই ২০ জন। এরা হচ্ছে অহনা, সিনদিদ, মুনীরা, স্নেহা, আবিদ, আবু জাফর, প্রাপ্য, উদিতা, আফিয়া, আরিফ, দীপ্তি, নাওমি, জামি, তাসনিয়া, মিষ্টি, আতিকা, রামিশা, অপর্ণা, আভা ও আমি।

প্রশ্ন :

প্রথম আলো: তোমরা তো আলাদা বিদ্যালয়ে পড়ো। এক জায়গায় হয়েছিলে কীভাবে?

হাসিন আনজুম: জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা একটা কোর্স করতে গিয়ে সবার মধ্যে বন্ধুত্ব হয়।

প্রশ্ন :

প্রথম আলো: আগামী একুশের পরিকল্পনা কী?

হাসিন আনজুম: আমাদের ইচ্ছা, আগামী একুশে ফেব্রুয়ারি সবাই যেন বই পায়; কেউ যেন খালি হাতে ফিরে না যায়, সেই প্রস্তুতি নেব। এবার বই শেষ হয়ে গিয়েছিল। পরে শুধু একটা করে ম্যাগাজিন দিতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বই না পেয়ে অনেকেই মন খারাপ করেছে।

প্রশ্ন :

প্রথম আলো: তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

হাসিন আনজুম: আমরা বই পড়ার এ আন্দোলন পথশিশুদের মধ্যেও নিয়ে যেতে চাই। তাদের নিয়ে কাজ করতে চাই।