বকশীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ৫ তরুণসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ ধরে ওই স্কুলছাত্রীর সঙ্গে মো. হুসাইন শান্ত নামের এক তরুণের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গতকাল সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে লাউচাপড়া পিকনিক স্পটে নিয়ে যান ওই তরুণ। সরকারের কঠোর বিধিনিষেধের কারণে পিকনিক স্পটটি বন্ধ থাকায় তাঁরা অন্য স্থান দিয়ে স্পটের পাশের পাহাড়ে ওঠেন। ওই তরুণের সঙ্গে আরও চার বন্ধুও ছিলেন। পরে ওই পাহাড়ে তাঁরা পাঁচ বন্ধু ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে যান। পরে তাঁরা ওই তরুণদের আটক করে টাকা দাবি করেন। আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ সময় ওই তরুণদের দুজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে রাতে এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করে। ওই তরুণদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ধর্ষণের মামলায় তিনজন ও চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।