ছয় মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকেরা গতকাল বুধবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। একই দাবিতে কর্মচারীরাও কোনো শ্রেণিকক্ষের তালা খুলেননি।
কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী বলেন, কলেজে এমপিওভুক্ত নন এমন শিক্ষক আছেন ১১৮ জন, কর্মচারী আছেন ৫০ জন। তিন বছর ধরে তাঁরা কলেজে চাকরি করছেন। শুরু থেকে কলেজ কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে তাদের বেতন দিচ্ছে। কিন্তু গত ১ ফেব্রুয়ারি থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে একাধিকবার কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করেও কাজ হয়নি। বেতনের দাবিতে কর্মচারীরা গতকাল অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষ ছাড়া অন্যান্য কক্ষের তালা খুলেননি। সকাল ১০টার দিকে শিক্ষকদের কক্ষে প্রতিবাদ সভা করা হয়।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য লুৎফর রহমান ও তৌহিদুর রহমান জানিয়েছেন, পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ মীর মোস্তাক আহমেদ ২৬ আগস্ট সাতক্ষীরায় এসে আসবেন। তিনি ওই দিন শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক পদক্ষেপ নেবেন। এ কারণে তাঁরা ২৬ আগস্ট সাংসদ না আসা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।