বকেয়া পাওনা পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে খুলনায় অনশন কর্মসূচি পালন করেছেন পাটকলশ্রমিকেরা। বুধবার বেলা ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

বন্ধ থাকা ব্যক্তিমালিকানা ও রাষ্ট্রায়ত্ত পাটকল আবার চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে খুলনায় অনশন কর্মসূচি পালন করেছেন পাটকলশ্রমিকেরা। আজ বুধবার বেলা ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

শ্রমিকনেতারা বলছেন, কারখানার মালিকেরা পাটকল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিচ্ছেন। কিন্তু ওই টাকা ব্যয় করছেন অন্য খাতে। আর শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের জন্য রাজপথে আন্দোলন করছেন, এটা খুবই দুঃখজনক। সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর সরকার শ্রমিকদের পাওনাদি এককালীন পরিশোধ করেছে। অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিলের মালিকেরা তাঁদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে আছে। বন্ধ করা সব বেসরকারি জুট মিল, শিরোমণি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি চালু ও শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শাহ মনিরুল ইসলাম, ইকবাল বিশ্বাস, কাগজী ইকরাম হোসেন প্রমুখ। বেলা একটার দিকে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।