বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল আটটায় শ্রমিকেরা জয়দেবপুর-ঢাকা সড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের কর্মচারী ও শ্রমিকদের বেতন–ভাতা নিয়ে অসন্তোষ চলছে। এর মধ্যে কারখানার কর্মচারীদের পাঁচ থেকে ছয় মাস ও শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া আছে।
চলতি বছরের দুই ঈদের আগে শ্রমিকেরা আন্দোলন করে কিছু বেতন আদায় করলেও এখনো তাঁদের বেতন পাওনা রয়েছে। গত ঈদুল আজহার আগের দিন মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা ধার নিয়ে শ্রমিকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এরপর আর কারখানা চালু করা হয়নি।
এদিকে আজ সকালেই শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হন। এরপর তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে কারখানার সামনের জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের সকাল সাড়ে ১০টার দিকে সড়ক থেকে সরিয়ে নেয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় সেখানে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, শ্রমিক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
নজরুল ইসলাম বলেন, ‘কারখানার মালিক সময়মতো টাকা পরিশোধ না করায় আমরা খুবই বিপাকে পড়েছি। আবার অন্য কারখানায়ও যেতে পারছি না।’
গাজীপুর মহানগর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল মোতালেব জানান, কারখানাটি অনেক দিন বন্ধ। এখানে শ্রমিকদের বেতন পাওনা আছে। সেই দাবিতে তাঁরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।