বকেয়া বেতনের দাবিতে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ। আজ সোমবার সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর সেতু এলাকায়
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকার তুরাগের ধউর সেতু এলাকায় আবদুল্লাহপুর-আশুলিয়া সড়ক অবরোধ করেন গাজীপুরের টঙ্গীর একটি কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল ৯টায় তাঁরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। বেলা ১১টায় পুলিশের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অবরোধকারীরা টঙ্গীর বাদামে অবস্থিত এননটেক্স লিমিটেডের অংশ ‘শুপ্রভ স্পিনিং’ নামের কারখানার শ্রমিক। গত ডিসেম্বর ও চলতি জানুয়ারির বেতনের দাবিতে তাঁরা এই অবরোধ করেন। কারখানাটিতে কাজ করেন অন্তত ৪০০ জন। ডিসেম্বর থেকে বেতন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

মো. আলম নামের এক শ্রমিক বলেন, ‘কারখানায় কয়েক মাস ধরে কাজ নেই। স্যারদের বলছি, আমাদের বেতন দিয়ে যেন ছুটি দেওয়া হয়। কিন্তু স্যাররা বেতন দিবে, দিচ্ছে বলে ঘোরাতে থাকেন। অন্তত পাঁচবার বেতন দেওয়ার কথা বলেও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আমরা বেতনের দাবিতে রাস্তায় নেমেছি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বেতনের দাবিতে টঙ্গীর কারখানা শ্রমিকেরা গিয়ে ঢাকার সড়ক অবরোধ করেন। সকাল থেকেই পুলিশ তাঁদের সঙ্গে আছে। পরে শ্রমিকদের বিভিন্নভাবে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।