বকেয়া মজুরির দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বন্ধ হওয়া বেসরকারি পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকেরা। আজ নগরীর ফুলবাড়ী গেট এলাকায়
ছবি: সংগৃহীত

খুলনায় বন্ধ হয়ে যাওয়া বেসরকারি পাটকলগুলোর শ্রমিকদের পাওনা মজুরি ও আংশিকভাবে বন্ধ হওয়া পাটকলগুলো পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। আজ রোববার নগরীর ফুলবাড়ী গেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কের পাশে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন থেকে শ্রমিকনেতারা আংশিক বন্ধ থাকা বেসরকারি পাটকলগুলো পূর্ণাঙ্গভাবে চালু এবং বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবি জানান।

আফিল জুট মিলের শ্রমিকনেতা নিজাম উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আছহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শিরোমণি এলাকার বেসরকারি মহসেন জুট মিল বন্ধ হয়ে যায় ২০১৩ সালে। এরপর ওই মিলের ৩১৩ জন শ্রমিক বেকার হয়ে যান। মিলমালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে প্রায় ১১ কোটি টাকা। গত ৯ বছরেও মজুরির বকেয়া টাকা পাননি শ্রমিকেরা। ইতিমধ্যে ৭৩ জন শ্রমিক মজুরির টাকা না নিয়েই মারা গেছেন। আর জুট স্পিনার্সের ২০-২৫ জন শ্রমিক মজুরির টাকা না পেয়ে মারা গেছেন। জুট স্পিনার্স পাটকলটি বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। ওই পাটকলে শ্রমিকদের চূড়ান্ত বকেয়া রয়েছে প্রায় ১৪ কোটি টাকা। বন্ধ হয়ে যাওয়ার পর মহসেন ও জুট স্পিনার্স জুট মিলের শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। বকেয়া পাওনার জন্য ধরনা দিয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে শ্রমিকদের অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত। বকেয়া টাকা পেলে হয়তো তাঁরা নিজেদের চিকিৎসা করাতে পারতেন।

বক্তারা আরও বলেন, শিরোমণি এলাকায় বেশ কয়েকটি বেসরকারি পাটকল ছিল। কিন্তু বর্তমানে প্রায় সবই বন্ধ। আর যে কয়টি আছে তা–ও আংশিকভাবে চলছে। এতে এলাকায় বেকার যুবকদের সংখ্যা বাড়ছে। যদি পাটকলগুলো পুনরায় চালু করা যায়, তাহলে এলাকার বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হতো।

বক্তারা বলেন, বেসরকারি পাটকলের শ্রমিকদের সমস্যা নিয়ে এর আগে একাধিকবার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি পাওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ২৩ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের দাবি পূরণ না হলে ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করবেন বলে মানববন্ধন থেকে জানানো হয়।